শ্যামলবাংলা স্পোর্টস : আগামী ১৯ ফেব্রয়ারি এশিয়া কাপ (টি-টোয়েন্টি) বাছাইপর্ব বাংলাদেশে শুরু হবে। মূল পর্ব শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। শেষ হবে ৬ মার্চ। খেলা হবে মিরপুর ও ফতুল্লায়। মঙ্গলবার বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১২ ও ২০১৪ সালে টানা দুটি আসর সফলভাবে আয়োজন করায় বাংলাদেশকে ১৩তম আসরেরও আয়োজক করার সিদ্ধান্ত নেয়া হয়। এবারের এশিয়া কাপ হবে ভিন্ন ফরম্যাটে। আগে ওয়ানডে টুর্নামেন্ট হলেও এবার হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
টি-টোয়েন্টি ২০১৬ বিশ্বকাপের পাশাপাশি এশিয়া কাপেরও আয়োজক ছিল ভারত। কিন্তু ভারতের উগ্রবাদী রাজনৈতিক সংগঠন শিবসেনার সাম্প্রতিক সহিংসতামূলক কার্যক্রম নিয়ে বিপাকে রয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।
তাই সবকিছু বিবেচনা করে ২০১৬ এশিয়া কাপ ভারতে আয়োজন না করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ফলে এই আসর আয়োজনের দায়িত্ব বর্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর।




