শেরপুর প্রতিনিধি : আগামী ৩০ তারিখের পৌরসভা নির্বাচনের আগে ২৫ ডিসেম্বর সেনা মোতায়েনের দাবি করেছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী শেখ শওকত হোসেন নিলু। তিনি বলেন, নির্বাচন কমিশন মাঠের অবস্থা জানেন না, নির্বাচন সুষ্ঠু করার জন্য অবশ্যই সেনা মোতায়েন করা দরকার। আমার ৪ জন মেয়র প্রার্থী সন্ত্রাসীদের কারণে মনোনয়ন জমা দিতে পারেনি। সেনা মোতায়েন না করলে কোন অবস্থাতেই নির্বাচনের ভোট ডাকাতি ফেরানো যাবে না। নির্বাচন কমিশন বাস্তব অবস্থাকে উপলব্ধি করতে পারছে না। নিলু ২০ ডিসেম্বর রবিবার শেরপুর পৌরসভাতে এনপিপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান এর নির্বাচনী পথসভায় এই কথাগুলো বলেন। তার দল আওয়ামী লীগ-বিএনপির বাইরে তৃতীয় শক্তি ধারার বলে উল্লেখ করে আম মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, প্রেসিডিয়াম সদস্য সালমা রহমান, বাংলাদেশ ইসলামী পার্টির মহাসচিব মহিউদ্দিন রাসেল। পথসভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে গণসংযোগ করেন।




