বগুড়া প্রতিনিধি : বগুড়ায় যমুনা নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। জেলার সারিয়াকান্দি পয়েন্টে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৪ সেন্টিমিটার বেড়ে সোমবার সকাল ৬টায় বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনার তীরবর্তী নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী চারটি ইউনিয়নের ৩০টি গ্রামের অন্তত ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসত-বাড়ির সঙ্গে সঙ্গে বিদ্যালয় ভবনগুলোতেও পানি ঢুকে পড়েছে। ফলে ৪৪টি প্রাথমিক এবং ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত ঘোষণা করা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম বেনজির রহমান জানান, বন্যায় উপজেলার ১ হাজার ৮৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৭৫ হেক্টর জমিতে লাগানো আউশ নষ্ট হয়ে গেছে। এছাড়া আমন ৪২০ হেক্টর, শাক-সবজি ১০ হেক্টর, মাস কালাই ৩০ হেক্টর এবং আরও ৫০ হেক্টর জমিতে লাগানো স্থানীয় জাতের গাইঞ্জা ধানের আবাদ নষ্ট হয়ে গেছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ জানান, বন্যা দূর্গতদের জন্য সরকারিভাবে ১০ মেট্রিক টন চাল এবং ১ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, যমুনায় পানি বাড়ছে তবে দু’দিন আগে যে হারে বেড়েছিল এখন সেই হারে বাড়ছে না।









