ময়মনসিংহ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, সরকার সারাদেশে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করতে চায়। এজন্য আঞ্চলিক পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনার উদ্যোগ গ্রহণ করেছে। এরই প্রেক্ষিতে ময়মনসিংহ মতবিনিময় করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি ওইকথা বলেন।
ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর জেলার সকল জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, ৬০টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৪৬টি পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যোগাযোগ ও অবকাঠামো, শিক্ষা, পরিবেশ ও পর্যটন, আইসিটি, কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন এবং স্বাস্থ্য বিষয়ক উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ উল আলম, এলজিআরডি’র যুগ্ম-সচিব রইছউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদ, কর্মকমিশনের সদস্য উজ্জল বিকাশ দত্ত, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ কুমার চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণলয়ের অতিরিক্ত সচিব, উপ-সচিব ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসকদের আলোচিত বিষয়সমূহের প্রেক্ষিতে একটি উন্নয়ন প্রস্তাবনা মূখ্যসচিব বরাবরে প্রেরণের নির্দেশ দেয়া হয়।









