সিলেট : সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ১৬ আগস্ট রবিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার।
গত ৮ জুলাই সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু সামিউলকে চোর সন্দেহে আটক করে কুমারগাঁও বাসস্টেশনে দোকানঘরের খুঁটিতে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়। একপর্যায়ে সামিউল মারা গেলে লাশ গুম করার চেষ্টা হয়। ওই ঘটনার পর নির্যাতনের ওই দৃশ্য ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। দেশে-বিদেশে এ নিয়ে নানা প্রতিক্রিয়া হয়। পরে এ ঘটনায় মামলা করা হয়।









