শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করবেন না জাতির কাছে ক্ষমা চাইবেন সেই অপেক্ষায় আছি। ১৪ আগস্ট শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি ওই কথা জানান।
এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার আবার ষড়যন্ত্র করছে। আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই শোক দিবসে প্রতিবছর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেন। তার আজকে লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু দেখলাম তিনি নাকি লন্ডন যাবেন না। কেন যাবেন না তা জানি না। তিনি কি ভিসা পাননি না অন্যকোনো কারণে। আসলে তিনি লন্ডন যেতে চান তার ছেলে তারেক রহমানের সঙ্গে নতুন কী ষড়যন্ত্র করা যায় সে বিষয়ে আলোচনা করতে।
মহানগরের এই নেতা বলেন, যারা নাশকতা করেছে তাদের প্রত্যেকের বিচার হবে। কোনো বিচার বন্ধ থাকবে না। যারা নাশকতা চালাতে মদদ দিয়েছেন, পরিকল্পনা করেছেন ও অর্থ যোগান দিয়েছেন প্রত্যেকের বিচার হবে।
তিনি বলেন, আমরাই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার করেছি। আটজনকে ফাঁসি দিয়েছি। আমরাই বিচারহীনতা থেকে বেরিয়ে এসে বিচারের সংস্কৃতি চালু করেছি। অথচ বিএনপির আমলেই বিচার হয়নি। তাদের সময় মিথ্যা তদন্ত হয়েছে। ফরমায়েশি বিচার হয়েছে।
সংগঠনের কার্যকরী সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ড. আবদুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সহ-সভাপতি ও অভিনেতা এটি এম শামসুজ্জামান, ড. ইনামুল হক, কবি রবীন্দ্র গোপ, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।









