মোহাম্মদ জুবায়ের রহমান : শেরপুরে অপহরণের ৬ দিন পর স্কুলছাত্র শিশু আরাফাত ইসলাম রাহাত (৮) এর কংকাল উদ্ধার করেছে পুলিশ। ৮ আগস্ট শনিবার দুপুরে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক সংলগ্ন মাজারের টিলা নামক স্থান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই শিশুর মৃত দেহের কংকাল উদ্ধার করে। শিশু রাহাতকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়। এমনকি মোবাইল ফোনের চার্জারের তার শিশু রাহাতের গলায় পেচিয়ে মৃত্যু নিশ্চিত করে দূর্বৃত্তরা। অন্যদিকে সন্তানের কংকাল উদ্ধারের খবরে শিশু রাহাতের পরিবারে চলছে শোকের মাতম। কংকাল দেখতেই শতশত মানুষ ভিড় জমায় ওই পাহাড়ী এলাকা ও শেরপুর সদর থানায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র শিশু আরাফাত ইসলাম রাহাত ২ আগস্ট রবিবার দুপুরে স্কুল থেকে শিববাড়ি এলাকার বাসায় ফিরে। এরপর দুপুরের খাবার খেয়ে সে পুরাতন গরুহাটিস্থ ‘সরকার ফার্ণিচার মার্ট’ এ তার বাবা শহিদুল ইসলাম খোকনের সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পথে কয়েক যুবক স্থানীয় শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন শিশুপার্ক থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ করে নিয়ে যায়। কিছুণ পরই মুঠোফোনে এক যুবক আরাফাতের বাবা শহিদুলকে জানান, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে এবং ২ লাখ টাকা মুক্তিপণ দিলে ছেলেকে ছেড়ে দেওয়া হবে। বিষয়টি রাহাতের বাবা শহীদুল পুলিশকে জানান। এরপর মুক্তিপণের বিনিময়ে অপহৃত আরাফাতকে উদ্ধারে মঙ্গলবার বিকেলে পুলিশ সদর উপজেলার মুন্সীরচর এলাকায় উৎ পাতে। ওইসময় বিস্তৃত পাটের ক্ষেতের পাশে থাকা একটি জাংলায় মুক্তিপণের টাকা রাখা হলে দুর্বৃত্ত রবিন অপহৃত আরাফাতকে না নিয়ে এসে ওই টাকা নিয়ে দৌড়ে পাশ্ববর্তী একটি নির্জন বাড়িতে ঢুকে পড়ে। ছদ্মবেশে থাকা পুলিশের দল তার পিছু পিছু দৌড়ে ওই বাড়ি থেকেই তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে ওই ঘটনায় অপহৃত শিশু আরাফাতের আপন খালু আব্দুল লতিফ (২২) ও জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র আসলাম বাবু (২২)সহ কয়েকজন জড়িত বলে তথ্য প্রকাশ করে। তার দেওয়া তথ্য মোতাবেক পুলিশ শেরপুর ও জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে প্রধান আসামী আব্দুল লতিফ, সহযোগি আসলাম বাবু ও ইমরানকে গ্রেফতার করে। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে শেরপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক মোঃ সাইফুর রহমান আসামীদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার গ্রেফতারকৃত অন্যতম আসামী আসলামের দেয়া তথ্য অনুযায়ী তাকে সাথে নিয়ে পুলিশ গারো পাহাড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে রাহাতের মৃত দেহের বিভিন্ন অংশের কংকাল উদ্ধার করে। শেরপুরের সিনিয়র এএসপি (সার্কেল) মো: শাজাহান মিয়া জানান, যেদিন শিশু রাহাতকে অপহরণ করা হয়ছিল সেই দিনই বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে তাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এমনকি মোবাইল ফোনের চার্জারের তার শিশু রাহাতের গলায় পেচিয়ে মৃত্যু নিশ্চিত করে দূর্বৃত্তরা। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ বলেন, শিশু রাহাত অপহরণ-হত্যা জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।
এদিকে অপহরণের ৭ দিনের মাথায় সীমান্তের গহীন অরণ্য থেকে শিশু রাহাতের কংকাল উদ্ধারের পর শনিবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুরস্থ শিশু রাহাতের বাসায় গিয়ে দেখা যায়, পরিবার ও আত্মীয়-স্বজনদের শোকের মাতম। নির্বাক-নিথর হয়ে পড়েছেন বাবা শহীদুল ইসলাম, বুক চাপড়াতে চাপড়াতে বার বার মূর্ছা যাচ্ছেন মা রিনা বেগম। মাটিতে লুটিয়ে গড়াগড়ি করছে স্বজনদের অনেকেই। এলাকায় সৃষ্টি হয়েছে শোকাবহ পরিবেশ। ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত বিচারের মুখোমুখিকরণসহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শেরপুরের সচেতন মহল।









