শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে এ দেশে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ধর্মকেও কলুষিত করে যাচ্ছে যারা, তারা ধর্মে বিশ্বাস করতে পারে না। তারা নিজেদের মুসলমান হিসেবে কীভাবে ঘোষণা দেবে? বাংলাদেশে এটা চলতে দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। কাজেই সেই স্বাধীনতার চেতনাটা আমাদের সমুন্নত রাখতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে শেখ হাসিনা শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন।
ওই সময় প্রধানমন্ত্রী সারাদেশে শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, যারা শিশু নির্যাতন করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি। এসব করলে কেউই রেহাই পাবে না।
বিশ্ব জুড়ে ধর্মীয় উগ্রবাদীদের মানুষ হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাংলাদেশে জঙ্গিবাদের স্থান হবে না। বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। দুর্ভাগ্য যে বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে যে সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে, তার ধাক্কা মাঝে-মধ্যেই এসে লাগে। আমরা কঠোর হাতে তা দূর করার চেষ্টা করে যাচ্ছি।
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ছিল, তার আলোকে দেশ গড়ে তোলার কথাও বলেন শেখ হাসিনা।









