শ্যামলবাংলা ডেস্ক : তিন সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে কারচুপি হলে বিএনপি সমর্থিত প্রার্থীরা এতো ভোট পেত না। তিনি ২৯ এপ্রিল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে পেট্রোল বোমায় নিহতদের স্বজন এবং আহত ও ক্ষতিগ্রস্ত বাস মালিকদের অর্থ সহায়তা প্রদানকালে ওই কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কারচুপির যে অভিযোগ তুলে বিএনপি ভোট বর্জন করেছে তা সত্য হলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা এতো ভোট পেতেন না। কারচুপি হলে তাদের মেয়র প্রার্থীরা লাখ লাখ ভোট পেলেন কী করে?
তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের ভোটাররা ব্যালটের মাধ্যমে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। দেশবাসী আগামীতেও তাদের প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, এবার সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে। অবরোধ-হরতালে নাশকতার চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, এই ধরনের নোংরা রাজনীতি বা এই ধরনের নোংরামি আর যেন বাংলাদেশে না হয়, মানুষের ভাগ্য নিয়ে যেন কেউ আর ছিনিমিনি না খেলে। মানুষের রুজি-রোজগারে যেন আর কেউ আঘাত না হানে।
তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতা থাকতে কোনো মানুষ ভোট দিতে যেতে পারে নি। ১৫ ফেব্রুয়ারির নির্বাচন, মিরপুর, মাগুড়ার উপ-নির্বাচনের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা সেই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পেরেছি। ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম করতে চেয়েছিলাম, এতে কারচুপি করার সুযোগ থাকে না। কিন্তু খালেদা জিয়া চাননি।




