স্টাফ রিপোর্টার : শেরপুরের শিক্ষক, লেখক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক শাহ আলম বাবুল (৪৭) আর নেই (ইন্নালিল্লাহে………রাজেউন)। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে টানা ৪ দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে থাকার পর ১১ ফেব্রুয়ারী বুধবার সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করা হয়। ময়মনসিংহ থেকে তার লাশ শেরপুরে বাগরাকসা মহল্লায় আনার পর বেলা ২টায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শেরপুর প্রেসক্লাব ও শ্যামলবাংলা২৪ডটকম’র অফিস অঙ্গণে রেখে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ৪টায় যোগিনীমুড়া ফসিউল উলুম দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ মাগরিব পশ্চিম ঝিনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে শেরপুরে সাংবাদিক, শিক্ষক, লেখকসহ সচেতন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, শেরপুর জেলা সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্বাহী সম্পাদক শাহ আলম বাবুল ৮ ফেব্রুয়ারী রবিবার ভোর রাতে শেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকাস্থ তার নিজ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন।




