শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শ্রীবরদীতে রাতের অন্ধকারে কৃষি বিভাগের রানীশিমুল ইউনিয়ন বিএস (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) কোয়ার্টারের ভবন চুরির ঘটনায় অবশেষে মামলা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ ভবনের ইটসহ ওই ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা কবিরের ভাতিজা ফরহাদ আলীকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ ফরহাদ আলীর বাড়ি থেকে ১ হাজার ৮ শত ইট উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শনিবার সকালে ফরহাদ আলীকে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
জানাগেছে, উপজেলার রানীমিমুল ইউনিয়ন পরিষদ চত্বরে দীর্ঘদিন যাবত উপজেলা কৃষি অফিসের আওতাধীন উপ-সহকারী কৃষি কর্মকর্তার বাসভবন ও অফিস হিসাবে একটি পাকা দালান ছিল। সম্প্রতি দারানটির অবস্থা ভাল না থাকায় তা কৃষি পরামর্শ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু গত ২৬ অক্টোবর রাতের অন্ধকারে কতিপয় লোকজন হাতুরি শাবল দিয়ে উক্ত দালানের রান্নাঘর, বাথরোম, ও বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ইট, রড ও কাঠসহ সকল সরঞ্জাম নিয়ে যায়। এনিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এফ এম মোবারক আলী থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরে পুলিশ ঘটনাটি তদারকি করতে গিয়ে চেয়ারম্যান আবু শামা কবিরের ভাতিজা ফরহাদ ও সংরক্ষিত মহিলা সদস্য কাজলির বাড়িতে ভবনের ইট পেয়ে ওদের বাড়িতেই জব্দ করে চলে আসে। এব্যাপারে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, রাতের অন্ধকারে চেয়ারম্যানের ভাতিজা লোকজন নিয়ে দালানটি ভেঙ্গে সবকিছু নিয়ে যায়। এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুল মতিন জানান চেয়ারম্রান ক্ষমতার জোরে কোন রকম আইন কানুনের তোয়াক্কা না করে এ ঘটনা ঘটিয়েছে। ইউপি সদস্য ফরহাদ হোসেন নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে চেয়ারম্যানের লোকজন উক্ত দালান ভেঙ্গে সব কিছু নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ আলী বলেন, দালানটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের জায়গায় ছিল। তবে দালানটি ভাঙ্গা বা বিক্রির জন্য কোন টেন্ডার বা কোটেশন হয়নি। দালানটি ভাঙ্গা হয়েছে স্বীকার করে তিনি বলেন এ ব্যাপারে আমি কিছু জানিনা। চেয়ারম্যান আবু সামা কবিরের সাথে কথা হলে তিনি বলেন আমি কিছু জানিনা।
অবশেষে কৃষি কর্মকর্তা এফ এম মোবারক আলী ঘটনার এক মাস পরে ২৬ নভেম্বর ভবন চুরির ঘটনায় অজ্ঞাত ৮/১০ জনের নামে থানায় একটি মামলা করলে পুলিশ শুক্রবার রাতে চেয়ারম্যানের ভাতিজা ফরহাদ আলীকে আটক করে এবং ১ হাজার ৮ শত ইট উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এফ এম মোবারক আলী বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে থানায় মামলা করেছি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার বলেন, কৃষি কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।









