মো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) মেধা তালিকা অনুসারে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সুত্রে জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ১ম দফায় ভর্তি কারা হচ্ছে। মেধা তালিকা থেকে ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ২য় দফায় ভর্তি করে আসন পূরণ করা হবে।
ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর ড. মেসবাউদ্দিন আহমেদ জানান, ‘২০১৪-১৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি ফি বাবদ একজন শিক্ষার্থীকে ভর্তি সম্পন্ন করতে মোট ৬ হাজার ২১৪ টাকা জমা দিতে হচ্ছে। মেধা তালিকা অনুসারে ভর্তি কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালিত হচ্ছে এবং বিগত বছরের তুলনায় এবছর মেয়েদের অংশগ্রহণ তুলনামূলক ভাবে বেশি’।
মেধা তালিকা থেকে ভর্তির পর আসন শূন্য থাকলে অটো মাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের তালিকা ২৫ নভেম্বর বিকাল ৫ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) প্রকাশ করা হবে। অপেক্ষমান তালিকাভুক্ত শিক্ষার্থীদের ৩০ নভেম্বর বিকাল ৫ টার মধ্যে শিল্পাচার্য জয়নাল আবেদিন মিলনায়তনে স্ব-শরীরে উপস্থিত থেকে রিপোর্ট করে ১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ দিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন আগামী ১ জানুয়ারি এবং ক্লাস ৪ জানুয়ারী থেকে শুরু হবে।




