চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রাখালপোতা গ্রাম থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার রিমা (১৬) কে ৭ দিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি রামনগর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত পরীক্ষার্থী মহেশপুর উপজেলার রাখালপোতা গ্রামের নিয়ামত খানের মেয়ে এবং ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এসময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে সাজু আহম্মেদ মিলন (২৩) কে গ্রেফতার করা হয়। রোববার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রোববার সকালে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলতাফ হোসেন ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কলাবাড়ি রামনগর গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শারমিন আক্তার রিমাকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহেশপুর উপজেলার সারাতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে সাজু আহম্মেদ মিলনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ১৭ নভেম্ব^র বিকাল ৫ টার দিকে শারমিন আক্তার রিমা প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাখালপোতা নামক স্থানে পৌঁছায়। এসময় সাজু আহম্মেদ মিলনসহ ৪-৫ জন তাকে গতিরোধ করে মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়। পরেরদিন মঙ্গলবার সকালে অপহৃতের বাবা নিয়ামত খান বাদী হয়ে সাজু আহম্মেদ মিলনসহ ৪ জনের নাম উল্লেখ করে ৫ জনের নামে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করে।




