অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : জন্মের মাত্র ৫ দিন পর নবজাতক কন্যা শিশুর রহস্যজনক নিখোঁজের ঘটনায় জেলার আগৈলঝাড়া উপজেলার নাগার গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তৃতীয় কন্যা সন্তানের পর পুনরায় ৪র্থ কন্যা শিশু জন্মগ্রহন করায় বাবা-মা তাকে হত্যা করে লাশ গুম করেছে বলে এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। ওই গ্রামের দিনমজুর সমীর বাড়ৈর স্ত্রী নিখোঁজ নবজাতিকার মা যুথিকা বাড়ৈ জানান, পূর্বে তিন কন্যার পর গত ১২ নভেম্বর রাতে নিজবাড়িতে তিনি ৪র্থ কন্যা সস্তান প্রসব করেন। এসময় তার স্বামী কাজের অন্মেষণে অণ্য স্থানে ছিল। জন্মের পাঁচদিন পর ১৬ নভেম্বর সন্ধ্যা রাতে ওই শিশুকে দুধ পান করাতে গিয়ে ঘুমিয়ে পরেন। একটু পর ঘুম থেকে উঠে নবজাতক কন্যা সন্তানটি দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন ঘর খোঁজাখুঁজি শুরু করেন। ফোনে স্বামীকে ঘটনা জানালে সোমবার স্বামী সমীর বাড়ৈ বাড়ি আসেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে শুরু হয় ব্যাপক তোলপাড়। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুজি করেও গতকাল মঙ্গলবার পর্যন্ত নবজাতকের কোন সন্ধান মিলাতে পারেননি।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, কন্যা সন্তান প্রসব করায় তার মা নবজাতক শিশুটিকে হত্যা করে লাশ গুম করেছে। অভিযোগ রয়েছে, ওই গ্রামের মৃত রমণী হালদারের ছেলে অরুণ হালদার ঘটনাটি ধামাচাপা দিতে ওই পরিবারের কাছ থেকে থানা ম্যানেজের জন্য বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। আবার অন্যরা বলছেন, শিশুটি বিক্রি করেও দেয়া হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য শিরোমনি বল্লভ জানান, প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে। আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, এব্যাপারে তিনি কোন অভিযোগ পাননি। তারপরেও বিষয়টির খোঁজ খবর নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদার, মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার আইয়ুব আলী মিয়া, মুক্তিযোদ্বা আ. রইচ সেরনিয়াবাত, শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুদার, বিপুল দাস প্রমুখ। আলোচনা শেষে দিবসটি উদ্যাপনের বিভিন্ন কমিটি গঠন করা হয়।
আগৈলঝাড়ায় পয়সা স্কুল এ্যান্ড কলেজের জায়গা দখল : অবৈধ দখলদার উচ্ছেদে প্রশাসনের কাছে আবেদন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয় এ্যান্ড কলেজের জায়গা দখল করে অবৈধভাবে বসবাস করে স্কুলের শিক্ষার পরিবেশ ব্যাহত করার অভিযোগ পাওয়া গেছে। অবৈধ দখলদার উচ্ছেদ করতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন প্রতিষ্ঠান প্রধান।
স্কুল এ্যান্ড কলেজের জায়গা অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধারের জন্য আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন ও সরেজমিনে জানা গেছে, ওই স্কুলের বিদ্যোৎসাহী সদস্য স্থানীয় জয়নাল চৌকিদারের ভাই আকবর চৌকিদার প্রতিষ্ঠানের জায়গায় অবৈধভাবে বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর তুলে দখল করেছে। দখলদাররা স্কুলের পাঠদানের পরিবেশ নষ্ট করে স্কুলের লাগানো গাছপালা কেটে নেয়াসহ প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করে আসছে। একই ক্যাম্পাসে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলেজের ক্লাশ চলে আসছে। বংশীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ দখলে থাকা আকবরকে উচ্ছেদ করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আবেদন করছেন ওই স্কুলে জায়গা দানকারী ব্যক্তিসহ স্থানীয় সুধী সমাজের লোকজন। লিখিত অভিযোগ পেয়ে পুলিশের এএসআই পরেশ চন্দ্র সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার পশ্চিমে নদীবন্দর পয়সারহাট এলাকার পশ্চাৎপদ জনপদে শিক্ষার আলোর প্রসার ঘটাতে স্থানীয়দের সহায়তায় ১৯৬১ সালে বন্দরের পশ্চিমপাশে স্থাপন করা হয় পয়সা মাধ্যমিক বিদ্যালয়। কালক্রমে ওই বিদ্যালয়টিতে আশাতীত শিক্ষার্থী হওয়ায় স্থানীয়দের সহায়তায় এর কার্যক্রমে ব্যাপকতা আনা হয়। সম্প্রসারণ করা হয় একাডেমিক ভবনের। ২০১৩ সালে স্কুলটি কলেজে রূপান্তরিত হয়েছে। বিদ্যালয় ও কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও শিক্ষার মান উন্নয়নের জন্য ওই এলাকার কাশেম হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন, মোনাচ্ছের হোসেন, কাওছার হোসেন, রাসেল হোসেন ও মেয়ে রীনা বেগম শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশে পাঠদান করার জন্য ১৯৯৮ সালে স্কুল সংলগ্ন এসএ ৪৪৫ নং খতিয়ানে, ৩৩২ নং দাগে ১৯৯৮ সালে চার শতাংশ জমি স্কুলের নামে লিখে দেন।
স্কুলে জায়গা দেয়ার কয়েক বছর পর থেকেই স্কুলের ওই জায়গায় স্থানীয় সাহেবালী চৌকিদারের ছেলে ও প্রতিষ্ঠানের বর্তমান ম্যনেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জয়নাল চৌকিদারের ভাই আকবর চৌকিদার বসতঘর, গোয়ালঘর, রান্নাঘরসহ একাধিক বাথরুম তুলে অবৈধভাবে পরিবার নিয়ে বসবাস করে আসছে। আকবর তার বড়ভাই জয়নাল ও চৌকিদার বংশীয় প্রভাব খাটিয়ে স্কুলের জায়গায় জোর করে বসবাস করছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
প্রশাসনের কাছে অভিযোগে আরও বলা হয়, আকবরের ছেলে আজিজুল চৌকিদার স্কুল ও কলেজের ক্লাশ চলাকালীন সময়ে উচ্চশব্দে ডেকসেট বাজিয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত করে স্কুল-কলেজে আসা মেয়েদের অশ¬ীল ভাষা প্রয়োগ করে ইভটিজিং করে আসছে। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে স্থানীয় আয়নাল মিয়ার স্কুলপড়–য়া মেয়েকে ইভটিজিং করলে ওই ঘটনার প্রতিবাদে স্কুল শিক্ষার্থীরা স্থানীয় বন্দরে মিছিল করেছিল।
আজিজুলের বিরূপ কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় একই স্কুল কম্পাউন্ডে অবস্থিত পয়সা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে লাঞ্ছিত করে আজিজুল। স্থানীয়রা এর প্রতিবাদ করলে তার জন্য অনেক মাশুল দিতে হয়েছে তাদের। ফলে কেউ তার কাজের প্রতিবাদের সাহস করেনা। প্রতিবাদ করলেই তার হাতে হেনস্তা হতে হয়।
এব্যাপারে ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব আ. খালেক সিকদার বলেন, স্কুলের অনেক জায়গাই দখলে নেই। দখলমুক্ত করতে অনেক চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, দখলদাররা অনেক জায়গা দখল করে আছে। আর সেই সুবাদে স্কুলের লাগানো গাছপালা কেটে, ফসলসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে ক্ষতিসাধন করে আসছে। জায়গা মাপ দিয়ে পিলার দেয়া হলেও সে পিলার কয়েকদিন পরেই চুরি হয়ে যায়।
বিষয়টি সম্পর্কে এএসআই পরেশ চন্দ্র সিকদার বলেন, এটি তদন্ত করে দেখা হচ্ছে। আরও গভীর তদন্তের পর রিপোর্ট দেয়া হবে। তবে সামাজিকভাবে কাজটি আপাতত ঠিক মনে হয়নি।
ওই প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য ও দখলদার আকবরের বড়ভাই জয়নাল চৌকিদার বলেন, আমাদের ওয়ারিশরাই প্রতিষ্ঠানকে জায়গা দিয়েছে। মাপ দিলেই বলা যাবে আকবর স্কুলের জায়গা দখলে করেছে কিনা।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ বলেন, অভিযোগটি তিনি এখনও হাতে পাননি। পেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
আগৈলঝাড়ায় নারী নির্যাতন মামলার ৬ আসামী গ্রেফতার
বরিশালের আগৈলঝাড়ায় নারী নিযার্তন মামলার আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পূর্ব সুজনকাঠী ও উত্তর শিহিপাশা গ্রামের নারী নিযার্তন মামলা পলাতক আসামী কার্তিক সুতার, মিন্টু রানী সুতার, সেন্টু সরদার, মন্নান সরদার, ময়ফুল বেগম এবং মুড়িহার গ্রামের নন-জিআর মামলার পলাতক আসামী অমল রায়কে পুলিশ সোমবার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।









