অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় স্বামী, শ্বশুর ও শ্বশুর পরিবারের নির্যাতন সইতে না পেরে এক সন্তানের জননী গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। এঘটনায় ওই গৃহবধুর ভাই থানায় মামলা করলে পুলিশ স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে।
এজাহার ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার পয়সারহাট গ্রামের জগদীশ হালদারের ছেলে জয়ন্ত হালদারের সাথে ৩বছর পূর্বে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের নিরঞ্জন মন্ডলের মেয়ে টুম্পার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে টুম্পার উপর নির্যাতন শুরু করে স্বামী জয়ন্ত ও শ্বশুরসহ অন্যরা। নির্যাতনের ধারাবাহিকতায় অত্যাচার সইতে না পেরে দেড়বছরের মেয়ে সন্তান রেখে টুম্পা বিষপান করে। স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় টুম্পাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় গতকাল রাতে টুম্পা মারা যায়। চিকিৎসা চলাকালীন সময়ে হাসপাতাল কম্পাউন্ডে টুম্পা ও জয়ন্তর পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জগদীশ, জয়ন্ত ও গৌরাঙ্গ মন্ডল আহত হয়।
খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় টুম্পার ভাই সুমন মন্ডল বাদী হয়ে জগদীশ ও জয়ন্তকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। ওই মামলার আসামী টুম্পার স্বামী জয়ন্ত ও শ্বশুর জগদীশ হালদারকে পুলিশ গ্রেফতার করেছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়ায় আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের বাইরে এই প্রথমবারের মত আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে রাজিহার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে আইন-শৃংখলা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, এসআই মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য ফকরুল ইসলাম, যুবলীগ নেতা সাইদুল সরদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব প্রিয়লাল কর্মকার, রিপন সরদার প্রমুখ।

আগৈলঝাড়ায় রাস্তায় গাছ কেটে নিল এক যুবলীগ নেতা
বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় এনজিও প্রশিকার মাধ্যমে সুফলভোগীদের লাগানো লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির ১২টি গাছ গায়ের জোরে কেটে নিয়েছে যুবলীগ নেতা শাহ আলম ও তার লোকজন। এখবরে গাছ কাটতে বাঁধা দেয়ায় উপজেলা বন বিভাগের কর্মচারিকে লাঞ্ছিত করেছে তারা। গাছ কাটার অভিযোগে বাগধা ইউনিয়ন পরিষদে গতকাল সোমবার দুপুরে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট এনজিও প্রশিকা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিমপাশের ব্রীজ থেকে বাগধা পর্যন্ত ২ কি.মি রাস্তায় এনজিও প্রশিকার সুফলভোগী সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে। ওই রাস্তার রোপণকৃত লক্ষাধিক টাকার গাছ সম্প্রতি উপজেলা যুবলীগ কর্মী শাহআলম বক্তিয়ার ও তার লোকজন জোরপূর্বক কেটে নেয়। গাছ কাটার খবর শুনে উপজেলা বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটায় বাঁধা দেয়ায় কর্মচারী দেলোয়ার হোসেনকে ওই যুবলীগ নেতার শ্যালক রিজভী বখতিয়ার লাঞ্ছিত করে। এ ঘটনায় বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি গতকাল সোমবার দুপুরে তার পরিষদে এক সালিশ বৈঠক ডাকেন। ওই বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বন বিভাগসহ সংশ্লিষ্ট সুফলভোগীরা তারিখ নির্ধারণ করে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়। এব্যাপারে যুবলীগ নেতা শাহআলম বলেন, আমাদের লাগানো গাছ আমরা কেটেছি। প্রশিকার কোন গাছ আমরা কাটিনি।









