চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ছোটপুটিমারীতে বোমা মেরে মুছার উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুছার উদ্দীন উপজেলার ছোটপুটিমারী গ্রামের মৃত আদালত বিশ্বাসের ছেলে। ২৮ অক্টোবর মঙ্গলবার ভোর ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও গ্রামবাসী জানায়, সোমবার দিবাগত রাত ১ টার দিকে ৯-১০ জন দুর্বৃত্ত মুছার উদ্দীনের বাড়িতে হানা দেয়। এসময় মুছার উদ্দীন চিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা ছুড়ে মারলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পৌছিয়ে বোমার আলামত উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি মনিরুদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারনে বোমা হামলা চালানো হয়েছে তা জানা যায় নি। ধারণা করা হচ্ছে ডাকাতির কাজে ব্যঘাত ঘটায় তারা বোমা হামলা চালিয়েছে।









