শ্যামলবাংলা বিনোদন : ঈদ আসলেই প্রেক্ষাগৃহগুলোর দেয়ালগুলো ভরে উঠে শাকিব খান অভিনীত নতুন ছবির পোস্টারে। এবার ঈদেও তার ব্যতিক্রম নেই । বরং এবার কয়েক ধাপ এগিয়ে তিনটি নতুন ও একটি পুরনো ছবি মুক্তি পাচ্ছে ঢাকাই ছবির এই নায়কের।
ঈদকে সামনে রেখে প্রায় বছর দুয়েক ধরে শুটিং বন্ধ থাকা ‘মনের ঠিকানা’ ছবিটির কাজ আবারও শুরু করেন পরিচালক নজরুল ইসলাম। তবে এবার ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘কঠিন প্রতিশোধ’। এমন কি ৮ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১২ দিন থাইল্যান্ডে ছবিটির চিত্রধারণ করে দ্রুত কাজ শেষ করা হয়।
অন্যদিকে গেল রোজার ঈদে শাকিব অভিনীত ‘শোধ’ ছবিটির শুটিং শুরু হয়। ওয়াকিল আহমেদ পরিচালিত এই ছবির শুটিংও মাঝখানে কিছুদিন বন্ধ ছিলো। অবশেষে নাম পরিবর্তন করে এবারের ঈদে মুক্তি দেয়ার সিন্ধান্ত নেয় হয়। ‘সেরা নায়ক’ নামের এই ছবিটির শুটিংও খুব দ্রুততার সঙ্গে শেষ করা হয়।
এদিকে সেন্সর বোর্ডে নকলের অভিযোগে আটকে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়ে যায় ‘হিটম্যান’ ছবিটি। এই ছবিটি এবারের ঈদে সবার্ধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান।
সবশেষ শুক্রবার শাকিব খান অভিনীত ‘হিরো দ্য সুপার স্টার’ ছবিটি পুনরায় মুক্তি দেয়ার সিন্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।




