মাহফুজার রহমান (মনু) রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে দু’সপ্তাহ ধরে ব্যাপক ভাবে চোখ ওঠা ভাইরাস জনিত রোগের ব্যাপক প্রার্দুভাব দেখা দিয়েছে। এতে করে সব বয়সী মানুষের মাঝে আতংক বিরাজ করছে। সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এ ভাইরাস জনিত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাজিমখান ইউপি’র মনারকুটি গ্রামের বাদশা মিয়া (৩৮), সদর ইউপি’র লাইলী বেগম (৩২), সদর ইউপি’র বোতলার পাড় এলাকার রফিকুল ইসলাম (৩৫), উমর মজিদ ইউপি’র রাজমাল্লীহাট এলাকার সাজু মিয়া (৩৭) বলেন, এক সপ্তাহ পূর্বে আমার পাশের বাড়ীর ক’জনের হঠাৎ করে চোখ ওঠা রোগের ভাইরাস দেখা দেয়। এরপর আমার পরিবারের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এক এক করে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। গত তিনদিন ধরে গ্রাম্য চিকিৎসকদের দ্বারা চিকিৎসা নিলেও কোন সুস্থ্যতা না পেয়ে হাসপাতালে এসেছি। বিগত ১২/১৪ বছরে এ ভাইরাস জনিত রোগে এতো ব্যাপক আকার ধারণ করেনি বলে জানিয়েছেন সমাজ সেবক নূর আমিন (৬৭)। অপর দিকে এ ভাইরাসে আক্রান্ত গৃহবধু ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র খিতাবখাঁ এলাকার ইয়াসমিন বেগম (২৯) বলেন, গত ৩ দিন পূর্বে আমার দু’বছরের শিশু পুত্র সাকলাইন এর হঠাৎ চোখ লাল হওয়া দেখতে পাই। এর পর চিকিৎসা নিয়ে সে পুরোপুরি সুস্থ্য হতে না হতেই আমাকে এ ভাইরাস দেখা দেয়। এ জন্য চিকিৎসা নিতে হাসপাতালে এসেছি। এ বিষয়ে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ কে, কে পালের সঙ্গে কথা হলে তিনি বলেন, দেখুন বর্তমান শরৎকাল চললেও বর্ষার আমেজ বিরাজ করছে। আবহাওয়ার এ তারতম্যের কারণে এ ভাইরাসের প্রকোপ ব্যাপকহারে দেখা দিয়েছে। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই।




