নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ডের যানজট নিরসনে দ্বিতীয় বার মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন‘র নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিলবোর্ড আপসারণ করা হয়। এসময় সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে চকসিংড়া মহল্লার মৃত: মফিজ উদ্দিনের ছেলে মাংস ব্যবসায়ী মখলেছকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। পরে সিংড়া পৌরসভার সহযোগিতায় অবৈধ স্থাপনাসহ স্কুল, কলেজ, রাজনৈতিক ব্যক্তিদের বিভিন্ন প্রচারের বিলবোর্ড ও ফেসটুন আপসারণ করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এ প্রতিবেদককে বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

নাটোরে শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
“অভিভাবকের উদাসীনতাই ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার প্রতি অনীহা নিয়ে আসে” প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় শিক্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচী পেইস’র আয়োজনে সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বিতর্ক প্রতিযোগিতা করা হয়। উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান সাতটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় শুকাস উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন ও চকপুর বিলভরট উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী ও দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আকতার বানু ও বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, হিসাব রক্ষণ অফিসার রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোসাব্বির হোসেন খান। সার্বিক দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অরগানাইজার জয়নব খাতুন।




