ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে অটোটেম্পু-অটোরিক্সা ষ্ট্যান্ড স্থানান্তর করা হয়েছে। সোমবার সকালে স্থানান্তরিত ষ্ট্যান্ড কোর্ট রোড এলাকায় নতুন ষ্ট্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। শহর যানজট মুক্ত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এ ষ্ট্যান্ড স্থানান্তরিত হয়। নতুন ষ্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মাইন উদ্দিন হাসান, ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, সড়ক ও জনপদের প্রকৌশলী শংকর পাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন চৌধুরী, ষ্ট্যান্ডের চেয়ারম্যান মকবুল হোসেন, সাধারণ সম্পাদক ফজলু মিয়াসহ স্থানীয় গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। দীর্ঘ ৪৩ বছর পর এ ষ্ট্যান্ড অন্যত্র স্থানান্তর করা হলো। স্বাধীনতার পর ছাতক থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক আহমদ একটি নামফলক বসিয়ে তারেক বেবী ষ্ট্যান্ড হিসেবে এ ষ্ট্যান্ডের কার্যক্রম শুরু হয়। এখনো লোকজনের মধ্যে এ স্থানটি তারেক বেবী ষ্ট্যান্ড নামে পরিচিত।
পরে শহরে সড়ক ও ফুটপাত দখল করে বসা অর্ধশতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। ট্রাফিক পয়েন্ট, কালীবাড়ী রোড, মধ্যবাজার, ট্রাফিক পয়েন্ট থেকে সিনেমা হল পর্যন্ত সড়ক দখল করে বসা সবজি দোকান,ফলের দোকান, চা-পানের দোকানসহ অর্ধশতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। শহর পরিস্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখার উদ্দেশেই এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।









