মোঃ ফারুক হোসেন,ঢাকা : ঈদের আগে গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষ এড়াতে অবিলম্বে সকল কারখানায় মালিক শ্রমিক বৈঠক এবং ২০ রমজানের মধ্যে বেতন-ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ১৩ জুলাই রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গার্মেন্টস শ্রমিক মানববন্ধন কর্মসূচি থেকে ওই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি অফিস আদালত এবং শিল্প প্রতিষ্ঠানের সকল শ্রমিক কর্মচারীরা প্রতি বছরের মত এবারও ঈদ বোনাস পেতে শুরু করেছে। কিন্তু গার্মেন্টস কারখানায় এ বছরও ঈদ বোনাস নিয়ে শংকা তৈরি হয়েছে। আমরা ২০ রমজানের মধ্যে সকল কারখানায় ঈদ বোনাস ও বেতন পরিশোধ দেখতে চাই। বক্তার আরও বলেন, প্রতিবছর এ সময় গার্মেন্টস শিল্প এলাকায় ও কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা যায়, যা অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করে। এবার তা এড়াতে মালিক-শ্রমিক বৈঠকের প্রয়োজন। গার্মেন্টস শ্রমিক নেতা আমিরুল হক আমিরের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভিন, কেন্দ্রীয় নেতা নরুন নাহার, ফারুক খান,লায়লা ফেরদৌস প্রমুখ।









