মাহ্ফুজুর রহমান, তারাকান্দা (ময়মনসিংহ) : চালককে হত্যা করে গাড়ী ছিনতাইয়ের ঘটনায় পুলিশ শুক্রবার রাতে রবিন (২৫) নামে একজকে গ্রেফতার করেছেন। সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের আছর আলীর পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঝিনাইগাতীর উপজেলা সদরের টেম্পোস্ট্যান্ডে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটো রিকসাসহ রবিনকে গ্রেফতার করেন। পরে তারাকান্দায় আনার পথে ছিতাইকারীকে দেখার জন্য ফুলপুর বাসস্ট্যান্ডে হাজারোও বিক্ষুব্ধ জনতার সমাগম ঘটে। তারা প্রায় রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে শেরপুর থেকে ফুলপুরগামী গাড়ীতে তল্লাশী চালান এবং বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ বিকল্প পথে গোপনে আসামি নিয়ে তারাকান্দায় পৌছেন।
ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা গ্রামের শকিকুল ইসলাম (৩৫) পাশের বাড়ির ইসমাইল হোসেনের সিএনজি চালিত অটো রিকসা ভাড়ায় চালাতেন। ২৭ জুন রাতে ময়মনসিংহ- হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার কাকনীতে চালক শফিকুলকে হত্যা করে অটো রিকসা ছিনতাই করে নিয়ে যায়।









