তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা ও ইউপি মেম্বার নুরুল আলমকে অপহরণের পর নৃশংসভাবে খুন করেছে দূর্বৃত্তরা। ১৩ জুলাই রবিবার সকালে পুলিশ তার বাড়ির পাশ্ববর্তী লক্ষীপুর ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত নুরুল আলম উপজেলার আলকরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার ও পশ্চিম ডেকরা গ্রামের সামছুল হকের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, নুরুল আলমকে শনিবার ভোরে তার বাড়ির সামনে থেকে একদল যুবক জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এবিষয়ে নুরুল আলমের পিতা সামছুল হক ও স্ত্রী হোসনে আরা বেগম চৌদ্দগ্রাম থানাকে অবহিত করলে পুলিশ তাকে উদ্ধারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালায়। এদিকে গতকাল রোববার সকালে তার বাড়ি থেকে আধা কিলোমিটার লক্ষীপুর ব্রিজের নিচে তার ক্ষত-বিক্ষত লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, আলকরা ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু সৌদি আরব অবস্থানকালে গত ১০ জুলাই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ওই ইউনিয়নের ৯ জন মেম্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনাস্থা প্রদান করেন। অনাস্থাকারীদের সাথে একমত না থাকার কারণে নুরুল আলম মেম্বারের সাথে তাদের দুরত্ব সৃষ্টি হয়। এছাড়া স্থানীয় এক প্রভাবশালীর সাথে সম্পত্তি নিয়ে শালিশ সংক্রান্তে বিরোধ ও মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে এ অপহরণ ও খুনের ঘটনা ঘটতে পারে।
ওমরা পালন শেষে শনিবার রাতে দেশে ফেরা আলকরা ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু গতকাল রোববার দুপুরে তার ইউপি কার্যালয়ে সাংবাদিকদের জানান, ‘নুরুল আলম ৪নং ওয়ার্ডে যুবলীগের বলিষ্ঠ কর্মী ও ইউপি সদস্য ছিলেন। আমার বিরুদ্ধে দেয়া অনাস্থার বিষয়ে একমত না হওয়া, সম্পত্তির শালিশকে কেন্দ্র করে বিরোধ ও স্থানীয় সন্ত্রাসীদের মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে’।
নিহত নুরুল আলমের সামির ও সামিয়া নামের দুটি অবুঝ শিশু সন্তান রয়েছে। তার স্ত্রী হোসনে আরা, পিতা সামছুল হক, মাতা মোমেনা বেগম, ভাই নুর নবী এ হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচার দাবী করেন।
এঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, ‘লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে’।









