শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : যত অনিয়ম আর দুর্নীতি শ্রীবরদী খাদ্য গুদামে। কর্মকর্তা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সম্পৃক্ত ওই অনিয়ম ও দুর্নীতির সাথে। এদের বেড়াজালে নাজেহাল স্থানীয় গুটি কয়েক প্রভাবশালী মিল মালিক ছাড়া প্রায় সব মিল মালিকরা। খাদ্য গুদামে চাউল ঢোকালেই তার জন্যে গুনতে হচ্ছে অতিরিক্ত মাসুল। এতে ক্রমাগত ক্ষতিগ্রস্থ হচ্ছেন স্বল্প পুঁজির মিল মালিকগণ। এ থেকে পরিত্রাণ না পেলে স্বল্প পুঁজি মিল মালিকদের চাউল কল গুলোতে জ্বলবে লাল বাতি।

মিল মালিক সূত্রে জানা যায়, প্রতি কেজি চাউল ৩১ টাকা দরে সরকারের সাথে উপজেলার প্রায় সব মিল মালিকরাই চুক্তি করেছে। চুক্তির আগেই অফিস খরচ দেখিয়ে তাদের কাছ থেকে নেয়া হয়েছে ১৫’শ করে টাকা। যেথানে অফিসের ভ্যাটসহ ষ্ট্যাম্প খরচ মাত্র ২২৫ টাকা। অবশিষ্ট ১২৭৫ টাকা কোথায় গেল? এমন প্রশ্ন যখন সাধারণ মিল মালিকদের মনে ঠিক তখনই উপজেলা মিল মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জবাবে বলেন, ওই টাকা অফিস কর্মকর্তা কর্মচারীদের জন্যে রাখা হয়েছে। তিনি আরো বলেন, তাদেরও কিছু চাওয়া পাওয়া রয়েছে। এতে করে উপজেলার ৯১টি মিল মালিকদের কাছে ১২৭৫ টাকা হিসেবে ১ লাখ ১৬ হাজার ২৫ টাকা অতিরিক্ত মাসুল গুনতে হয়েছে প্রায় প্রত্যেকটি মিল মালিকদের। দ্বিতীয় ধাপে খালি বস্তা নিতে গিয়ে গুনতে হয়েছে প্রতি বস্তায় ১ টাকা করে। ফলে উপজেলার ৩ হাজার ৬০০ টন সরকারী বরাদ্দকৃত চাউলের প্রায় ৭২ হাজার বস্তায় ৭২ হাজার টাকা অফিস কর্মকর্তা কর্মচারীদের পকেটে। সরকারকে জামানত দিয়ে চুক্তি যখন করেই ফেলেছে চাউল তাদের দিতেই হবে। এ লক্ষ্যে দুই ধাপ পেরিয়ে তৃতীয় ধাপে যখন চাউল দেয়ার পালা ঠিক তখনই বড় ধাক্কা সামলাতে বেসামাল মিল মালিকরা। প্রতি টনে কর্মকর্তা কর্মচারী পিয়ন বাবদ ৬’শ টাকা এবং চেকিংম্যান ও আনলোড শ্রমিক বাবদ ২২০ টাকা করে অতিরিক্ত মাশুল গুনছে প্রায় উপজেলার সবকটি মিল মালিক। এতে করে টন প্রতি ৮’শ ২০ টাকা হিসাবে ৯১ টি মিল মালিকের কাছে ৩ হাজার ৬’শ টন চাউলে ২৯ লক্ষ ৫২ হাজার টাকা অতিরিক্ত নগদ নারায়ণ হাতিয়ে নিচ্ছে ওই সব রাঘব বোয়ালের মত কর্মকর্তা কর্মচারীরা। এখানেই থেমে নেই গুদাম কর্তৃপক্ষ। ফুড গ্র্যান্ড ও মিলের লাইসেন্স বাবদ নিচ্ছে ৩ হাজার টাকা। যেখানে বিধি মোতাবেক ভ্যাটসহ সরকারি ফি মাত্র ১১’শ ৫০ টাকা। অবশিষ্ট ১৮’শ ৫০ টাকা হিসাবে ৯১ টি মিল মালিকের কাছ থেকে ১ লক্ষ ৬৮ হাজার ৩’শ ৫০ টাকা উৎকোচ নিচ্ছে ওইসব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা। এতে উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মিষ্টার মিয়া ওইসব অতিরিক্ত মাশুল না দেওয়ায় বিডি করেও বিডি উত্তোলন করে নিয়েছেন। তিনি আরো জানান, গুদামে চাউল দিতে গেলে ওসিএলএসডিকে অতিরিক্ত মাসুল দিতেই হবে। নচেৎ যে না দিবে তার চাউল কৌশলে ফেরত দেয়া হবে। তিনি নিজেকে ডিজির আত্মীয় পরিচয় দিয়ে কাউকে তোয়াক্কা না করে ওইসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। চাউল দেওয়া শেষ। বিডি উত্তোলন করে মিল মালিকরা যখন লাভ ক্ষতির হিসাব নিকাশ করবে ঠিক তখনই নতুন এক শোরগোল ওঠে আসে কর্মকর্তা কর্মচারীদের শিখিয়ে দেয়া সুবিধাভোগী কিছু মিল মালিকদের মুখে। এ ব্যাপারে ওইসব পুকুর চুরির মিল মালিকরা বলেন, বিডি উত্তোলন বাবদ প্রত্যেক মিলারদেরকে অতিরিক্ত ১ হাজার টাকা করে দিতে হবে। এতে করে ৯১ টি মিল থেকে হাতিয়ে নেয় ৯১ হাজার টাকা। তবে পুকুর চুরিতেই সন্তোষ্ট নয় তারা। এখন নেমেছে সাগর চুরিতে। পুরাতন চাউল নিচ্ছে নতুন চাউলের আদলে। এতে প্রভাবশালী মিল মালিক সহ কর্মকর্তা কর্মচারীরা গুনছে লাখ লাখ টাকা। ওইসব চাউল যাচ্ছে ভিজিএফ,ওএমএস ও জেলখানাসহ বিভিন্ন স্থানে। ফলে ওইসব ভিজিএফ এর চাউল খেয়ে অসহায় গরীব দুঃস্থদের অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত।
এসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা ওসিএলএসডি কামরুল ইসলাম বলেন, এটি রাষ্ট্রীয় কাজ। এসব কাজ করতে গেলে কিছুটা দোষ হতেই পারে। তবে খাদ্য গুদামের বিরুদ্ধে এসব অভিযোগ নতুন নয়, অনেক আগে থেকেই।
স্থানীয় মিল মালিকদের দাবী, এভাবে চলতে থাকলে আগামীতে সরকারের সাথে মিল মালিকদের চুক্তি নিয়েও আশঙ্কা দেখা দিবে। বর্তমান সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়ার সরকারের যে লক্ষ্য তা কিছুটা হলেও ব্যহত হবে।









