শ্যামলবাংলা ডেস্ক : ঈদের পর আন্দোলন কর্মসূচি জোরদার করতে দল গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। পাশাপাশি ‘নির্বাচনের’ প্রস্তুতিও নিচ্ছে তারা। এরই অংশ হিসেবে সংগঠনের কমিটি পুনর্গঠন প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ জুলাই শনিবার মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারকে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এসময় তিনি বলেন, সংগঠনের কার্যক্রম ও কমিটি পুনর্গঠন চলমান একটি প্রক্রিয়া। এটি চলছে। আমরা সংগঠন গোছানোর কাজ করছি। নির্বাচনের জন্যও প্রস্তুতি নিচ্ছি। সামনে আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতিও চলছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঈদের পর দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে কঠোর কর্মসূচি দেয়ার আভাস দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নয়, জোর করে ক্ষমতায় বসে আছে। আমরা জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন তীব্রতর করবো। ঈদের পর আন্দোলনের কর্মসূচি শুরু হবে। আন্দোলন, নির্বাচন প্রস্তুতি ও সংগঠন গোছানো- এই তিন কাজই একই সঙ্গে চলছে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে বিএনপি। দাবি পূরণ না হওয়ায় গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও অনুপস্থিত ছিল দলটি। নির্বাচন প্রতিহত করার ঘোষণার মধ্যে সে সময় পুড়িয়ে দেয়া হয়েছিল শতাধিক স্কুল, যেগুলো ভোটকেন্দ্র হিসাবে নির্ধারিত ছিল। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি দল গোছানোর বিষয়টিতেই বেশি জোর দেন, যার পাশাপাশি ছিল কর্মীদের ‘উদ্দীপ্ত’ করতে আন্দোলন শুরু করার বিষয়ও।
এ সময় ফখরুলের সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম বাচ্চু, চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাইরুল কবীর খান প্রমুখ।









