রেজাউল করিম, শ্রীবরদী (শেরপুর) : টিউশনী করে লেখাপড়ার খরচ জুগিয়েছে মেধাবী রবিউল ইসলাম। খেয়ে না খেয়ে দিন গেছে রবিউলের। পরীক্ষার এক সপ্তাহ পুর্বে তার বাবা মারা যায় । তার বাবার রেখে যাওয়া মাত্র এক খন্ড জমিতে ছনের ঘরে বসবাস করে রবিউল ও তার পরিবার । দারিদ্রতা দমাতে পারেনি দিনমজুর পুত্র রবিউলকে। পিতার সাথে দিনমজুরী করেছে। এবার এসএসসি পরীক্ষায় শেরপুরের ঝিনাইগাতীর মরিয়মনগর উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় গোল্ডেন জিপিএ -৫ পেয়েছে । উপজেলার বনকালী গ্রামের দিনমজুর মৃত শাহজাহানের পুত্র রবিউল। তারা দুই ভাই দুই বোন । বড় ভাই আবুল কাশেম একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করে। এখান থেকে যে টাকা পায় তা দিয়ে নিজে অনার্সে পড়ে। অবশিষ্ট টাকা দেয় ছোট ভাই রবিউলকে।

রবিউলের মা খালেদা বেগম গৃহিনী। তিনি বলেন, ছেলেকে জীবনে একটি নতুন জামা কাপড় দিতে পারিনি। অভাবের কারণে ছেলেকে গার্মেন্টেসে পাঠাতে চেয়েছিলাম। অনেক সময় কেরোসিন না থাকায় দিনের আলোতেই লেখাপড়ার কাজ শেষ করেছে বলে জানান তিনি। তার মতে, নিজের প্রচেষ্টায় আশানুরুপ ফল পেয়েছে। রবিউল ইসলাম ভবিষৎতে লেখাপড়া করে প্রশাসনিক কর্মকর্তা হতে চায়।









