চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা কোর্ট কাস্টডি থেকে হত্যা চেষ্টা ও চুরি মামলার আসামী শাহীন (২০) পালিয়ে গিয়েছে। মঙ্গলবার বিকালে কাস্টডির টয়লেটের ভেনটিলেটর ভেঙে সে পালিয়ে যায়। এ বিষয়ে কোর্ট পুলিশ রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

চুয়াডাঙ্গা কোর্ট পুলিশ সূত্র জানায়, সদর উপজেলার ডিঙ্গেদহ ক্যাম্পপাড়ার মৃত আক্তার আলীর ছেলে শাহীন গত বছরের ১৬ অক্টোবর সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ার রেজাউল হক জোয়ার্দ্দারের বাড়ি চুরি করতে ঢোকে। রেজাউল হক শাহীনকে হাতেনাতে পাকড়াও করলে শাহীন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে এলাকাবাসি শাহীনকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে। ওইদিন রাতেই রেজাউল হক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা চেষ্টা ও চুরির মামলা দায়ের করেন। মঙ্গলবার এ মামলার ধার্য দিনে শাহীনকে আদালতে হাজির করার জন্য চুয়াডাঙ্গা জেলখানা থেকে কোর্ট কাস্টডিতে এনে রাখা হয়। শাহীন সবার অলক্ষে কোর্ট কাস্টডির টয়লেটের ভেনটিলেটর ভেঙে পালিয়ে যায়।









