বগুড়া প্রতিনিধি : বগুড়ায় রহস্যজনক ঘটনায় মাহবুবুর রহমান বিপ্লব (৩৫) নামের এক সৌদী প্রবাসী খুন হয়েছেন। নিহত মাহবুবুর রহমান সদরের লাহীড়িপাড়া ইউনিয়নের যশোপাড়া (নয়াপাড়া ) গ্রামের মৃত ঈসমাইল হোসেন এর পুত্র। বগুড়া সদর থানার পুলিশ শনিবার সকালে এলাকার একটি পুুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারন সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

জানা গেছে , পারিবারীক বিরোধ ও জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০১১ সালে ওই গ্রামে শাহজান আলী নামের এক ব্যক্তি খুন হয়। প্রবাসী মাহবুবুর রহমান ওই হত্যা মামলার আসামী হওয়ার পরপরই সৌদী আরবে চাকুরি নিয়ে চলে যান। কয়েক দিন পূর্বে তিনি ছুটিতে বাড়ি আসেন। শনিবার ভোরে নিজবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্থানীয় একটি পুকুরের মধ্যে মাহবুবের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের পরিবারের ধারনা- হত্যার বদলা নিতেই প্রতিপক্ষের লোকজন এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে।
অন্যদিকে, এলাকাবাসীর ধারনা শ্বাাসরোধ করে তাকে হত্যার পর লাশ পুকুরের পানিতে ফেলে দেয়া হয়ে থাকতে পারে। বগুড়া সদর থানার এসআই আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিঃসন্দেহে এটি একটি রহস্যজনক ঘটনা। তিনি বলেন, ময়না তদন্ত রির্পোট পেলে হত্যাকান্ডের কারন নিশ্চিত হওয়া যাবে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নিহতের পারিবারের পক্ষে একটি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।









