ads

শনিবার , ১৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভাষা সৈনিক আব্দুর রশীদের প্রয়াণ : অস্তিত্বের সূর্যসারথীর প্রস্থান

খবর টি পড়েছেন : ২৩৭
ভাষা সৈনিক আব্দুর রশীদের প্রয়াণ : অস্তিত্বের সূর্যসারথীর প্রস্থান
পড়ার সময়: ৬ মিনিট
ফন্ট:

রফিকুল ইসলাম আধার

01 AdharAbdur-Rashid_2এক এক করে চলে যাচ্ছেন শেরপুরের অভিভাবকগণ। বিশেষ করে ৫২’র ভাষা আন্দোলন থেকে ৭১’র মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে যাদের নেতৃত্ব শেরপুরের ইতিহাসে অত্যন্ত অগ্রগণ্য, সেইসব মহান পুরুষ অভিভাবকদের দু’চারজন ব্যতীত প্রায় সবাই ইতোমধ্যে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। কেবল ভাষাসৈনিক আব্দুর রশীদই নন, ইতোমধ্যে মহান মুক্তিযুদ্ধের সংগঠকদের মধ্যে আমরা আরও হারিয়েছি বিপ্লবী রবি নিয়োগী, এডভোকেট আব্দুস সামাদ, নিজামউদ্দিন আহমদ, খন্দকার মজিবর রহমান, সৈয়দ এমদাদুল হক হীরা, আবুল কাশেমসহ বৃহৎ অংশকে। এখন বেঁচে আছেন এডভোকেট আনিসুর রহমান, এডভোকেট আব্দুল হালিম, অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান ও মুহসীন আলী মাষ্টারসহ মাত্র ক’জন। মূলতঃ মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধসহ পরবর্তী স্বাধীন বাংলার প্রেক্ষাপটে তারাই শেরপুরবাসীর অভিভাবক, আমাদের অস্তিত্বের সূর্যসারথী; যাদের অভিভাবকত্ব পরিবার আর সমাজ ব্যবস্থার গন্ডি পেরিয়ে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তর পর্যন্ত বিস্তৃত।
আমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা অভিভাবক বা কর্ণধার দ্বারাই পরিচালিত হয়ে আসছে সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই। পারিবারিক ব্যবস্থায় বংশানুক্রমে দাদার মৃত্যুর পর বাবা আর বাবার মৃত্যুর পর তৃতীয় পুরুষের কাধে বর্তায় অভিভাবকত্ব। আর সমাজপতির মৃত্যুর পর ক্রমানুসারে এগিয়ে যাওয়া সমাজপতির কাধে বর্তায় আরেক অভিভাবকত্ব। এছাড়া রাষ্ট্রের মূল অভিভাবকত্ব নির্ণীত হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বিবদমান রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের কাতার থেকেই। কাজেই অভিভাবক চলে যান, অভিভাবক আসেন তার ধারাবাহিকতার সূত্রেই। কিন্তু ইতিহাস-ঐতিহ্য আর আন্দোলন-সংগ্রামের প্রেক্ষাপটে আমাদের মাঝে এমন কিছু অভিভাবকের জন্ম হয়, যাদের বিচরণ-অবস্থান গতানুগতিক অভিভাবকদের চেয়ে একেবারেই পৃথক। এমন একজন অভিভাবকই ছিলেন ভাষা সৈনিক আব্দুর রশীদ। তিনি কেবল এটিএন বাংলা, দৈনিক যুগান্তর ও বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের শেরপুর প্রতিনিধি এডভোকেট আব্দুর রহিম বাদলের পিতাই ছিলেন না, তিনি ছিলেন খোদ শেরপুরবাসীর মূল অভিভাবকদের অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব। শেরপুর অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রগতিশীল নানা আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী এই মানুষটি গত ৫ জুন শেরপুরবাসীর শেষ শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিয়েছেন। ওইদিন তার মৃত্যুর সংবাদে শেরপুরের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। ওইদিন দুপুরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানীয় শহীদ মিনারের পাদদেশে রাখা তার মরদেহের পাশে এবং পরে বিকেলে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে নামাজে জানাজা সময়কালীন দেখা যায় তার প্রতি মানুষের আবেগ-ভালবাসা কতটুকু।
১৯৩১ সালের ২৫ জানুয়ারি শেরপুর পৌর শহরের শেখহাটি মহল্লার এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণকারী এই অভিভাবকের জীবন নানা আন্দোলন-সংগ্রামের ইতিহাসে সমৃদ্ধ। তিনি শেরপুরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া একাডেমীতে অধ্যয়নকালে ছাত্রাবস্থায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, ৬২’র শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রাখেন। এ ছাড়া স্বাধীনতার পরে বিভিন্ন গনতান্ত্রিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলন এবং শেরপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডেও অবদান রেখেছেন। আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় তৎকালীন সরকার তাকে ষ্টেট প্রিজনার হিসেবে গ্রেপ্তার করলে তিনি ময়মনসিংহ জেলা কারাগারে এক মাস কারাভোগ করেন। বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই মানুষটি মুক্তিযুদ্ধের চেতনার এবং প্রগতিশীল চিন্তা চেতনার প্রশ্নে কোন আপোষ করেননি। কোন ধরনের লোভ লালসা তাকে তার নীতি থেকে বিচ্যূত করতে পারেনি। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হলে এর প্রতিবাদ করায় তৎকালীন জিয়াউর রহমান সরকার তাকে ময়মনসিংহ জেলা কারাগারে ৯ মাস কারারুদ্ধ করে রাখেন। আব্দুর রশীদ তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রফেসর মোজাফ্ফর আহমেদ, জেনারেল এমএজি ওসমানী ও বিপ্লবী রবি নিয়োগীসহ দেশ বরেণ্য বিভিন্ন রাজনীতিবিদদের সান্নিধ্য লাভ করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর ও জামায়াত-শিবির এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিশেষ করে শেরপুরের কুখ্যাত আলবদর ও জামায়াতের শীর্ষ নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে তিনি সর্বদাই প্রতিবাদী ভূমিকা পালন করেন এবং যুদ্ধাপরাধী কামারুজ্জামানকে সামাজিকভাবে বয়কট করে শেরপুরে এক অন্যন্য নজীর স্থাপন করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শেরপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
নানা দিক দিয়ে শেরপুরের সফল অভিভাবক হওয়ার পরও ভাষাসৈনিক আব্দুর রশীদ একজন আদর্শ ও সফল পিতাও ছিলেন। পিতার রক্ত-মাংসে গড়া একমাত্র পুত্র সাহসী সাংবাদিক-আইনজীবী আব্দুর রহিম বাদলের বিচরণ-অবস্থান সেটাই প্রমাণ করে। ভাষাসৈনিক আব্দুর রশীদের খুব একটা সান্নিধ্যে থাকার সুযোগ না হলেও পুত্র অগ্রজ সাংবাদিকের সহকর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গণে কেবল বিচরণের সূত্রেই নয়, আমার সাথে তার সম্পর্কের একটি ভিন্নমাত্রাও ছিল। আর তা ছিল আমার বড় জেঠা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আলহাজ্ব মোঃ মোশারুফুল ইসলাম ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। ভাষাসৈনিক আব্দুর রশীদ, মুহম্মদ মুহসীন আলী মাষ্টার ও আমার জেঠা একই সাথে শেরপুরের প্রাচীন বিদ্যাপীঠ সরকারী ভিক্টোরিয়া একাডেমীতে পড়াশোনা করেছেন। জেঠা অবসর গ্রহণের পর থেকেই স্থানীয় সামাজিক কর্মকান্ডে ওতপ্রোতভাবে জড়িয়ে ব্যস্ত এবং শহরে তার খুব একটা যাতায়াত না থাকায় ভাষাসৈনিক আব্দুর রশীদ এবং আমার জেঠা প্রায়শই আমার মাধ্যমে একে অপরের খোঁজ-খবর নিতেন। ওই অবস্থায় প্রায় এক বছর যাবত আমার সাথে ভাষাসৈনিক আব্দুর রশীদের কথা চলে আসছিল এভাবে যে, কোন একদিন অপর বন্ধু মুহসীন আলী মাষ্টারসহ তিনি আমাদের বাড়িতে বেড়াতে যাবেন। মূলতঃ জেঠার সাহচর্য লাভের প্রত্যাশাতেই তিনি ওই ইচ্ছে ব্যক্ত করে আসছিলেন। কিন্তু মৃত্যুর ৫/৬ মাস যাব তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বেশ কয়েকটি সমস্যায় আক্রান্ত হয়ে পড়ায় আমাদের বাড়িতে যাওয়ার মত অবস্থা ফিরে পাচ্ছিলেন না তিনি। এরই মধ্যে গত ২ জুন সন্ধ্যায় পুত্র আব্দুর রহিম বাদলের ৫২তম জন্মদিনে অনেকটা না জানিয়েই হুট করে তার বাসায় চলে যাই একদল সাংবাদিক-সহকর্মীকে নিয়ে। অসুস্থ্যতার কারণে শয্যাশায়ী থাকায় পুত্রের জন্মদিনের আনুষ্ঠানিকতায় তাকে না পাওয়ায় চটজলদি আনুষ্ঠানিকতা সেরেই আমরা তার শয্যার পাশে গিয়ে বসি। স্ব-স্ব পরিচয় দেওয়ার পর তখনও সহসাই আমাদের চিনতে কোন কষ্ট হচ্ছিল না তার। শেরপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব গ্রহণের সংবাদে তিনি স্মিত হেসে আশির্বাদ করেন আমাকে। এরপর আমরা তার মাথায় হাত বুলিয়ে আরোগ্য কামনা করি। সেই চলে আসা। সেই-ই শেষ দেখা তার সাথে। সেই দেখার অর্থ্যাৎ পুত্রের ৫২তম জন্মদিনের মাত্র ৩ দিনের মাথায় তার চিরপ্রস্থান হয় সংসার-জীবনসহ ধরিত্রীর মায়া-মমতা ত্যাগ করে।
জীবনের শেষ সময়টাতে তার বিচরণ ছিল সীমিত। এরপরও প্রতিদিন সন্ধ্যায় শহরের নিউমার্কেটে বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে তার যাতায়াত ছিল নিয়মিত। ওই সভাকক্ষে নিয়মিত আড্ডায় সঙ্গী পেতেন বন্ধু মুহসীন আলী মাষ্টার, ড. সুধাময় দাস, আমজাদ হোসেন, সুশীল মালাকারসহ বেশ কজনকে।
মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শের প্রশ্নে দৃঢ়তা আর পরোপকার তার জীবনের প্রধান বৈশিষ্ট্য হলেও শুদ্ধ শব্দ প্রয়োগ, মাঝারী কণ্ঠের একতালে কথোকতা, একতালে হাটাচলা আর স্মিত হাসিও ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। এমন মানুষটিকে হারিয়ে আমাদের অনুভুতি আজ ক্ষতবিক্ষত। তাকে হারিয়ে এক বিশাল বটবৃক্ষের ছায়া যেন সরে গেছে শেরপুরবাসীর মাথা থেকে।
৫২ এর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আর মুক্তিয্দ্ধু পরবর্তীতে রাজাকারমুক্ত সোনার বাংলা বাস্তবায়নে তিনি আদর্শে অবিচল থেকে যে নেতৃত্ব দিয়ে গেছেন তা আমাদের প্রেরণার উৎস হোক। তিনি বেঁচে থাকুন চলমান আর অনাগত নানা প্রগতিশীল আন্দোলন-সংগ্রামের আদর্শ হয়ে, তার আদর্শ অনুসরণই হোক আমাদের চলার পথের পাথেয়Ñ ভাষাসৈনিক আব্দুর রশিদের প্রয়াণে এই প্রত্যাশা আমাদের।

Shamol Bangla Ads

লেখক : সভাপতি, শেরপুর প্রেসক্লাব। ই-মেইল-press.adhar@gmail.com 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় অপহৃত শিশু গফরগাঁওয়ে উদ্ধার পরবর্তী সংবাদ ভোলার চরফ্যাশনে হরদমে চলছে মদ-গাঁজা বিকিকিনি : নিরব…