খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : সারাদেশের মত কক্সবাজারের রামুর গ্রাম- গঞ্জে, পাড়া-মহল্লা সবখানেই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হয়েছে । এ বিশ্বকাপ আসরকে সামনে রেখে বিভিন্ন স্থানে সমর্থকদের নিজ দলের দেশের পতাকা উড়াতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে স্থানীয় বেশ কয়েকটি ইলেকট্রনিক্স সামগ্রীর শো-রুমে টেলিভিশন, পতাকা, ফিকচার, জার্সি বিক্রিসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা জমে উঠেছে। এদিকে দর্শকদের সুবিধার্থে এবারের বিশ্বকাপের সব খেলা উপভোগ করতে দেশের বেশ ক’টি বেসরকারি টেলিভিশন চ্যানেলও সরাসরি সম্প্রচারসহ বিনোদন মুলক অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে।

১২ জুন ২০১৪ থেকে পর্যায়ক্রমে ব্রাজিল জুড়ে ১২টি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ ফুটবল আসরের মোট ৩২টি দলের ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ জুন থেকে শুরু হচ্ছে ফুটবলের এই রাজসিক যজ্ঞ। চলবে ১৩ জুলাই পর্যন্ত। এই খেলাটিকে ঘিরে আনন্দের শেষ নেই বাংলাদেশের ফুটবল প্রেমিদের মধ্যে। লক্ষ্য করা যাচ্ছে শহর কিংবা গ্রাম গঞ্জে সব খানেই এবারও ব্রাজিল, আর্জেন্টিনা এইদু’টি বড়দল ছাড়াও অনেকেই এবার বিভিন্ন দলকে সমর্থন করছে। বর্তমান সব দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। উপজেলার ১১টি ইউনিয়নে ষ্টেশন চত্বরের দোকাপাট,বাড়ী ঘর , কিংবা সড়কের দু’ধারে শোভা পাচ্ছে প্রধানদু’টি দল আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দেশের পতাকা।
ওয়ালটন শো-রুমের কর্মকর্তা কাজল বড়–য়া জানান, বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত সমর্থকরা বড় স্ক্রীন ওয়ালা টিভি, ফ্লাট টিভি, ওয়াল টিভি, বড় মাপের রঙিন টিভি, টিভি কার্ড কিনতে যেন প্রতিযোগীতায় নেমেছে। বর্তমানে ইলেকট্রনিক্স সামগ্রীর চাহিদাও বেড়ে গেছে।
রামু চৌমুহনীর পতাকা ব্যবসায়ী রুস্তম আলী জানান, বিভিন্ন দলের সমর্থকদের মাঝে পতাকার চাহিদা বেড়ে যাওয়ায় এবার বিশ্বকাপ ফুটবল খেলা ঘিরে এরই মধ্যে তিনি ৩০ হাজার টাকার পতাকা বিক্রি করেছেন। কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানীর পতাকার চাহিদা বেশী।

আর্জেন্টিনা দলের সমর্থক রামু প্রেস ক্লাবের উপদেষ্টা দর্পণ বড়–য়া জানান, বিদ্যুতের লোডশেডিং এর কারণে প্রিয় দলের খেলাসহ বিশ্বকাপের সবক’টি খেলা দেখা থেকে যেন দর্শক বঞ্চিত না হয় সে দিকে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।









