পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ছোট-বড় সবার মাঝে উল্লাসের কমতি নেই । দেখা যায় উপজেলা সদর সহ প্রত্যাকটি গ্রামেও বিরাজ করছে উৎসাহের আমেজ।

আর সেই উৎসাহকে প্রকাশ করতে বিভিন্ন দেশ সর্মথকরা যে যার যার মত করে পছন্দের পতাকা উড়াচ্ছে, পছন্দ মত স্থানে। কেউবা দশ ফুট আবার কেউবা বিশ ফুট পতাকা টানিয়েছে রাস্তার এ পাশ হতে ও পাশ পর্যন্ত। আবার অনেকে টানিয়েছে গাছের ডালে, ঘরের ছাদে। অনেকে আবার বিভিন্ন দেশের জার্সি গায়ে জড়িয়ে বেড়াচ্ছে। সব মিলিয়ে যেন বইছে সবার মাঝে উৎসাহ উদ্দীপার আমেজ। পূর্বধলা বাজারের দর্জি আবুল কাশেম (৪৫) জানান, বিশ্বকাপ ফুটবল যত ঘনিয়ে আসছে দোকানে বাড়ছে তত কাজের চাপ। রাত জেগে তৈরি করতে হচ্ছে বিভিন্ন দেশের পতাকা। কোন দেশের পতাকা বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানির পতাকার চাহিদা বেশী। তবে ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্সের সমর্থকদেরও চাহিদা পূরণ করতে হচ্ছে।









