স্টাফ রিপোর্টার : শেরপুর প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। শুক্রবার রাতে জেলা শহরের চকবাজারস্থ কার্যালয়ে শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি ওই সহায়তার আশ্বাস দেন। সাক্ষাতের প্রারম্ভেই হুইপ আতিক প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। এসময় অন্যান্যের মধ্যে চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা ট্রাকমালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, বহুল প্রচারিত ‘সাপ্তাহিক কালের ডাক’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মলয় মোহন বল, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সঞ্জীব চন্দ বিল্টু ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ইয়াকুব উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে হুইপ আতিক প্রেসক্লাব নেতৃবৃন্দকে প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দেন। সেইসাথে তিনি প্রেসক্লাবকে গতিশীল ও প্রাণবন্ত করতে নেতৃবৃন্দের প্রতি শেরপুর থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদক এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের জন্য প্রেসক্লাবের দ্বার উন্মুক্ত রাখার আহবান জানান।









