পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় দু’মহিলা স্বাস্থ্য কর্মীসহ ১৫-২০ আহত হয়েছে। রোববার সকাল পৌনে ১০টায় খুলনা থেকে ছেড়ে আসা খুলনা-ব-১১০৪ মিনিবাসটি আগড়ঘাটা বাজারের সন্নিকটে শান্তির মোড় নামক স্থানে দুপুর সাড়ে ১২টায় পার্শ্ববর্তী পুকুরে উল্টে গেলে গাড়ীতে থাকা যাত্রীরা আহত হয়।
পুলিশ, যাত্রী ও স্থানীয়রা জানায়, চালক বিলাল হোসেন কপিলমুনি বাজারে নেমে গেলে কন্ট্রাক্টর আব্দুল হালিম গাড়ী চালিয়ে পাইকগাছা অভিমুখে রওনা হয়। বেপরোয়াভাবে গাড়ী চালানোর ফলে এ দুর্ঘটনায় গুরুতর আহত হয় তালার বায়রা গ্রামের মোমিন উদ্দীন গাজীর পুত্র আজগর গাজী (১৪) ও মোমিন উদ্দীন বিশ্বাসের কন্যা আমেনা বেগম (৩০), রামপাল থানার গোবিন্দপুর গ্রামের মৃত বেনায়েতুলাহ’র পুত্র আব্দুল খালেক (৫০), বটিয়াঘাটা থানার হরিণটানা গ্রামের আব্দুল মালেকের পুত্র মিজানুর রহমান (২৫), পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণপদ সরকারের স্ত্রী স্বাস্থ্য কর্মী মিলি মালা সরকার (৩৫), পুরাইকাটি গ্রামের নুর আলী মোড়লের কন্যা স্বাস্থ্য কর্মী সিলভি আক্তার (২২), শ্যামনগর থানার পাতাখালী গ্রামের জয়নাল আবেদীনের পুত্র শফিউলাহ গাজী (৬০), কপিলমুনি আতিয়ার রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৩০) কয়রার গোবিন্দপুর গ্রামের দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম ও অজ্ঞাত ১৪ বছরের কিশোর সহ কমপক্ষে ১৫-২০জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাদের প্রত্যেকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১০/১২জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ীর ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম ও ওসি সিকদার আককাছ আলী ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।









