বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক লাঞ্চিতের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতি। ২২ মে বৃহস্পতিবার সকাল ১১টায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে শিক্ষক লাঞ্চিতের ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা।
জানা গেছে, বুধবার বাকৃবির প্রফেসর মোহাম্মদ হোসেন কেন্দ্রীয় ল্যাবরেটরির পরিচালক প্রফেসর ড. মো: আকতার হোসেন চৌধুরীকে কিছু সংখ্যক ছাত্র তার কক্ষে প্রায় সাড়ে ৩ঘন্টা আটকে রেখে লাঞ্চিত করেন। ওই ঘটনার প্রেক্ষিতে জরুরী সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি।
জরুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, প্রফেসর ড. মো: ছোলায়মান আলী ফকির, সাধারণ সম্পাদক, প্রফেসর ড. মো: আবু হাদী নূর আলী খানসহ শিক্ষক সমিতির অন্যান্য শিক্ষকবৃন্দ।
সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, আগামী তিন কর্ম দিবসের মধ্যে উক্ত ঘটনায় জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে শিক্ষকরা ক্লাস-পরীক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন। পাশাপাশি সাদ ইবনে মমতাজ হত্যাকান্ডের সম্পূরক তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করতে হবে। তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক জনাব বদরুজ্জামান সরকারকে লাঞ্চিতের ঘটনার তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করতে হবে।
সেইসাথে, বাকৃবিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান শিক্ষকরা।
উল্লেখ্য, গতকাল বুধবার রাত ৮টার দিকে জরুরী সাধারণ সভায় শিক্ষক লাঞ্চিতের ঘটনার পরিপেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন শিক্ষক সমিতি।




