আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী অপহরণের ৫দিন পরে উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হলে অপহরণের অভিযোগে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাসূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের দুলাল ফড়িয়ার মেয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্রী চলতি এইচএসসি পরীক্ষার্থী লিমা আক্তার (১৭) কে জোরপূর্বক গত ৭ মে কলেজে আসার পথে বাকাল গ্রামের বীরেন চৌধুরীর ছেলে একই কলেজের ছাত্র বিপ্লব চৌধুরী অপহরণ করে নিয়ে যায়। ৫দিনেও উদ্ধার করতে না পেরে লিমার পিতা আগৈলঝাড়া থানায় গত রোববার রাতে ৫জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করে, যার নং- ৪ (১১-০৫-১৪)। বিপ্লবের দুলাভাই অপহরণ মামলার অপর আসামী রমেন বাড়ৈকে পুলিশ গ্রেফতার করে। গতকাল সোমবার সকালে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিপ্লবের পরিবারকে চাপ প্রয়োগ করলে তার দুলাভাই ঢাকা থেকে অপহৃতা কলেজ ছাত্রী লিমাকে পুলিশের কাছে প্রদান করে। পুলিশ লিমাকে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য তাকে সেইফহোমে পাঠিয়েছে। অপর আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




