শ্যামলবাংলা ডেস্ক : নারায়াণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গুম-খুনের বিষয়ে ‘অতি শিগগিরই’ সত্য প্রমাণিত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। ৬ মে মঙ্গলবার আহসানউলাহ মাস্টারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি ওইকথা জানান। এসময় তিনি বলেন, গুম-খুনের বিষয়ে অতি শিগগির সত্য প্রমাণিত হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। সরকারের সিদ্ধান্ত কঠোরভাবে এই অবস্থা দমন করা হবে। যেন ভবিষ্যতে কেউ এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
বিএনপি আজ অস্ত্রের ভাষায় কথা বলছে- একথা উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমু বলেন, বিএনপি সাংবিধানিক ধারা ব্যাহত করার চেষ্টা করছে। তারা সংবিধান এবং জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ করছে। স্মরণসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আহসানউল্লাহ মাস্টারের ছেলে জাহিদ হাসান রাসেল এমপি প্রমুখ বক্তব্য রাখেন।




