তাপস কুমার, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে হাঁস প্রতিপালন করে স্বাবলম্বী হয়েছেন দরিদ্র এক পরিবার। বর্তমানে হাঁস থেকে আয় দিয়ে সচ্ছলভাবে সংসার চালাচ্ছেন তিনি।

জানা যায়, উপজেলার বাঁকা গ্রামের আনিছার রহমান (৫০) দীর্ঘদিন থেকে দরিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে পড়েছিলেন। পরিবার পরিজন নিয়ে সংসারে প্রায় লেগেই থাকতো অভাব। শারীরিক সামর্থ্য না থাকায় শ্রম বিক্রিতেও তিনি ছিলেন অপারগ। তাই আজ থেকে বছর চারেক আগে তিনি শুরু করেন হাঁস প্রতিপালন ব্যবসা।
প্রথমদিকে মাত্র কয়েকটি হাঁস প্রতিপালন করে তার ডিম ফুটিয়ে বাচ্চা লালন শুরু করেন। এ থেকেই শুরু হয় তার আয়ের উৎস। প্রতিবছর হাঁসের বংশ বৃদ্ধি করে এখন তার খামারে রয়েছে প্রায় ৫ শতাধিক হাঁস। আনিছার রহমান বলেন, এসব হাঁস প্রতিপালনে তার তেমন কোন ব্যয় হয় না। অথচ আয় হয় প্রচুর। প্রতিদিন সকালে এসব হাঁস রাস্তা সংলগ্ন জলাশয়ে নিয়ে গেলে নিজেদের আহার নিজেরাই খেয়ে থাকে। বাড়িতে খাবারের জন্য সামান্য কিছু ভুষি ও ব্যান্ডের জোগান দিলেই চলে। এ হাঁসগুলো ডিম দেয়া শুরু করলে লাগাতার ডিম দিতে থাকে। সে ডিম বিক্রি করেও তার প্রচুর আয় হয়। এ ছাড়াও হাঁস প্রতিপালন করে তিনি যথেষ্ট স্বাবলম্বী হয়েছেন।
তিনি জানান, উন্নতজাতের হাঁস প্রতিপালন করতে পারলে তার ডিম বিক্রি করেও একটি পরিবার সচ্ছলভাবে চলতে পারবে। হাঁস প্রতিপালনে তিনি সরকারি কোন অনুদান পাননি। সরকারি পৃষ্টপোষকতা বা আর্থিক অনুদান পেলে তিনি আরও সাফল্য অর্জন করতে পারবেন। তিনি মনে করেন বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে তার মত যদি আরও অনেকে এ হাঁস প্রতিপালন শুরু করেন, তাহলে একদিকে বিমোচন হবে দরিদ্রতা, অপরদিকে তারা ফিরে পাবেন অর্থনৈতিক সচ্ছলতা। আর হাঁস প্রতিপালনে তেমন পুঁজিরও প্রয়োজন হয় না। অল্প টাকায় লাভজনক একটি পেশা হাঁস প্রতিপালনের পেশা।




