শ্যামলবাংলা ডেস্ক : আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে ভূমিধসের অন্তত সাড়ে ৩ শ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে শনিবার সকালে বিবিসির এক প্রতিবেদনে ওইকথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আফগানিস্তানের দুর্গম বাদাখশান প্রদেশে প্রবল বৃষ্টির পর পাহাড়ের বেশ কিছু অংশ একটি গ্রামের ওপর ধসে পড়ে। এতে সেখানকার শত শত ঘর কাঁদা ও পাথরের নিচে চাপা পড়ে। ভূমিধসের এই ঘটনায় অন্তত সাড়ে তিনশ’ মানুষের প্রাণহানি হয়েছে। তবে কোনো কোনো হিসাবে বলা হচ্ছে, এ ঘটনায় নিখোঁজের সংখ্যা হাজার হাজার হতে পারে। উদ্ধারকারীরা বলছে, মাটি খুড়ে আটকে পড়া মানুষদের উদ্ধারে পর্যাপ্ত খননযন্ত্র সেখানে নেই।
ওই প্রদেশের পুলিশ প্রধান ফজিলুদ্দিন হায়ার জানান, তারা এখন ভূমিধসে বেঁচে যাওয়া বাস্তুচ্যুত মানুষের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। যারা ধসের কারণে চাপা পড়ে আছেন বা নিহত হয়েছেন তাদের উদ্ধারে সাহায্য করার উপায় নেই এখন। তাই এখন যারা বেঁচে আছেন এবং বাস্তুচ্যুত হয়েছে তাদেরকেই আমাদের সাহায্যের কথা ভাবতে হচ্ছে।




