শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরের একটি ব্যস্ততম বাজারে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত: ৩৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির মানবাধিকার কর্মীরা। ২ মে শুক্রবার সকালে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন হালাক অঞ্চলে ১ মে বৃহস্পতিবার ওই ব্যারেল বোমা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। ওই হামলার পর মানবাধিকার কর্মীরা বিভিন্ন ভিডিও, ছবি অনলাইনে পোস্ট করেছেন, যাতে এলাকাটির বিধ্বস্ত চিত্র ফুটে উঠেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হতাহতরা আতঙ্কিত হয়ে মৃতদেহ আর ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছে ।
ওই হামলা নিয়ে আলোপ্পোর স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হালাক অঞ্চলে মার্কেট ও আবাসিক ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। এতে দুটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমে মৃতের সংখা ৪০ জনেরও বেশি বলে দাবি করা হয়েছে। ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইউনিসেফ বলেছে, সিরিয়ায় সাম্প্রতিক হামলাগুলোতে স্কুল এবং সাধারণ মানুষকে টার্গেট করা হচ্ছে, যা খুবই ভয়ঙ্কর। সংস্থাটির আরো বলেছে, দিনে দিনে এমন হামলার ঘটনা বেড়েই চলেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রমাণ দেয়।
এর আগে বুধবারও বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর একটি স্কুলে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়, যাদের মধ্যে ১০ জনই ছিল স্কুলের শিক্ষার্থী।




