শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে আজ কোনো মানুষ নিরাপদ নয়। সাদা পোশাকে মানুষকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দেশে খুন-গুম-অপহরণ আওয়ামী লীগই করছে। তিনি মহান মে দিবস উপলক্ষে ১ মে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশ ওইসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমি জনগণের নিরাপত্তার জন্য রাস্তায় নামব। আমি নামতে চাইলে আওয়ামী লীগ আমার বাসার সামনে পুলিশ আর বালুর ট্রাক দিয়ে আমাকে আটকে দেয়। তারপরও খুনিদের হাত থেকে দেশ বাঁচাতে আমি মাঠে নামব।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। আমি সারাদেশে সাংগঠনিক রেডঅ্যালার্ট জারি করছি। যারা খুন-গুমের সাথে জড়িত তাদের ঘেরাও করে আটকে রাখবেন। ওই সব লোককে পুলিশে দেবেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, দেশে এখন শুধু আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা সুখে আছেন; কারণ তারা লুটপাট করছে। আওয়ামী লীগের ২২৬ এমপি কোটিপতি। ৩০০ এমপির মধ্যে ২৪২ জন কর দেন না।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয় তুলে ধরে তিনি বলেন, একের পর এক মানুষকে অপহরণ করা হচ্ছে। আর কিছু দিন পর তাদের লাশ পাওয়া যাচ্ছে। এখন চারিদিকে শুধু লাশ, লাশ আর লাশ।
তিনি বলেন, দেশে একদিকে মানুষ খুন হচ্ছে আরেক দিকে বেকার হচ্ছে। বহু গার্মেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। গার্মেন্টশিল্প এখন গভীর সঙ্কটে।




