অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : টেন্ডারকে কেন্দ্র করে রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা চেয়ারম্যান কার্যালয়সহ তিনটি সরকারি দপ্তরে মেয়র সমর্থকরা হামলা ও ভাংচুর চালায়। এ হামলার ঘটনায় গৌরনদী পৌর মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. হারিছুর রহমানকে প্রধান আসামীসহ ৩০ জনের নাম উল্লেখসহ ৭০-৮০ জনকে আসামী করে সোমবার বিকেলে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়। উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের স্টেনো টাইপিস্ট মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মেয়র সমর্থকরা মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়ায় এলাকায় উত্তেজনা রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাব-৮ এর টহল অব্যাহত রয়েছে ।
মামলার বাদী সাইফুল ইসলাম এজাহারে জানান, গৌরনদী উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানের নেতৃত্বে প্রায় শতাধিক সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে গত রোববার দুপুরে চেয়ারম্যান কার্যালয়, উপজেলা প্রকৌশলী অফিস ও উপজেলা হিসাব রক্ষণ অফিসসহ তিনটি সরকারী দপ্তরে অতর্কিতে হামলা চালিয়ে বিভিন্ন কক্ষের দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর ও করে এবং চেয়ারম্যান কার্যালয়ে থাকা লোকজনের উপর হামলা চালিয়ে ১৫ জনকে আহত করে। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের স্টেনো টাইপিস্ট (সাঁট মুদ্্রাক্ষরিক) সাইফুল ইসলাম কর্তৃক বাদী হয়ে দায়ের করা মামলায় গৌরনদী পৌর মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, গৌরনদী পৌর আওয়ামলীগের সভাপতি মনির হোসেন মিয়া, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু সাঈদ নান্টু, মো. জয়নাল খন্দকার, পৌর কাউন্সিলর বক্তিয়ার হাওলাদার, মো. নুর আলম, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মো. জামাল খন্দকার, শাহাদাৎ মাতুব্বর, আহবায়ক কমিটির সদস্য আল আমিন হাওলাদার, আল আমিন-২, ইখতেয়ার হাওলাদার, মো. ফিরোজ সরদার, মো. হাসান, শ্রমিক নেতা শাহাবুল খান মাহাবুল খান, দেলোয়ার হোসেন, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সান্টু ভুঁইয়া, ছাত্রলীগ নেতা রাতুল শরীফ, সুমন মোল্লাসহ ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী অভিযোগ করেন, পৌর মেয়র হারিছুর রহমান শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি। সোমবার শতাধিক মোটরসাইকেলযোগে সন্ত্রাসীদের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। এ অভিযোগ অস্বীকার করেছেন পৌর মেয়র মো. হারিছুর রহমান। এদিকে উপজেলা চেয়ারম্যান কার্যালয় ভাংচুর ও তছনছ করার কারণে সোমবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ বাইরে টেবিল নিয়ে অফিস করেছেন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ র্যাব-৮ এর টহল অব্যাহত রয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বাদীর দাখিলকৃত মামলার এজাহারের কপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।




