শ্যামলবাংলা ডেস্ক : বিজ্ঞানের অগ্রযাত্রার ক্ষেত্রে সরকার সবধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সোনার বাংলা গড়তে দেশের বিজ্ঞানীদের গবেষণা ক্ষেত্রে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। ২৫০ এপ্রিল রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান একাডেমি আয়োজিত বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, আমি সাহিত্যের শিক্ষার্থী হলেও বিজ্ঞানের গুরুত্ব বুঝি। বিজ্ঞানের অগ্রগতিতে যত রকমের সহযোগিতা দরকার পড়বে, তার সব করবে সরকার। সোনার বাংলা গড়তে হলে বিজ্ঞানের ওপর আমাদের ব্যাপক গবেষণা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাবো। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করবো। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত মেধাবী। সুযোগ করে দিলে তারা দেশের অগ্রযাত্রা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ড. ইয়াফেস ওসমান
বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, ড. আনিসুল হক, মোবারক আহমেদ খান, ড. মুহাম্মদ সুজাউদ্দিন, ড. লিয়াকত আলী, এ এ মামুন, মোহাম্মদ আবুল হাসনাত, ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রফেসর মো. তোফাজ্জল ইসলাম, কাজী মো. বদরুদ্দোজা, প্রফেসর ড. একেএম সিদ্দিক, ড. মাসুদ হাসান, ড. শামসুন নাহার খান, মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ড. আশিক মোসাদ্দেক, ড. ইশতিয়াক এম সাঈদ, ড. তানভীরা আফরোজ সুলতানা, ড. মনোয়ার সুলতানা, ড. এসএম আবদুর রাজ্জাক, ড. এবিএমএম খাদেমুল ইসলাম, ড. মো. রফিকুল ইসলাম, ড. শাফী মোহাম্মদ তারেক, ড. আবু সাদাত এম নোমান।




