ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বুধবার থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী দুরবিণ শাহ লোক উত্সব। উত্সব উপলক্ষে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন আয়োজন ও প্রচার-প্রচারনা চলছে। প্রতি বছরের ন্যায় এবারো ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) দুরবিণ শাহ লোক উৎসব অনুষ্ঠিত হবে। বুধবার বিকেল ৫টায় দুরবিণ শাহ লোক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বিকেল সাড়ে ৫টায় দুরবিণ শাহ স্মৃতিচারনমুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি সঙ্গীত প্রেমী শ্রোতাদের গানে-গানে মুগ্ধ করতে আবারো আসছেন প্রখ্যাত বাউল ও দুর্ব্বিণ শাহ সাধক ফকির শাহাব উদ্দিন ও ফোক শিল্পী পলাশ ওরফে গামছা পলাশ। আয়োজক কমিটির সভাপতি ডাঃ আফসার উদ্দিন জানান, জ্ঞানের সাগর উপাধিতে ভূষিত দুর্ব্বিণ শাহ আমাদের গর্বের সম্পদ। প্রতি বছরই দুর্ব্বিণ শাহ স্মরনে লোক উৎসবের আয়োজন করে থাকি। সকলের সার্বিক সহযোগিতায় এবছরও সফলভাবে দুর্ব্বিণ শাহ লোক উৎসব সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ছাতকে ৮ ডাকাত দু’দিনের রিমান্ডে

ছাতকে বিভিন্ন ডাকাতি মামলায় গ্রেফতারকৃত ৮ডাকাতকে রিমান্ডে আনা হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে ছাতক থানার ওসি শাহজালাল মুন্সির আবেদনের প্রেক্ষিতে আদালত এসব ডাকাতদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে আনা ডাকাতরা হলো, পৌর শহরের বাশখালা গ্রামের আকবর আলীর পুত্র পারভেজ মিয়া (২২), আবুল কাশেম (২৪), আরব আলীর পুত্র আব্দুস ছালাম (৩৫), আরশ আলীর পুত্র নুর হোসেন (২৬), কালারুকা ইউনিয়নের হাসনাবাদ-খাইরগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র শাহিন আহমদ (২৫), চরমহলা ইউনিয়নের আসাকাচর গ্রামের চমক আলীর পুত্র ফারুক মিয়া (১৮), গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভেরাজপুর গ্রামের চান মিয়ার পুত্র আজির উদ্দিন-১ (২৭), দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দিনাইটুক গ্রামের আরশ আলীর পুত্র আজির উদ্দিন-২ (৩০)। তাদের বিরুদ্ধে ছাতকসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া সিলেট পাল্প এন্ড পেপার মিলস সড়ক, গোবিন্দগঞ্জ, বেরাজপুর, গড়গাঁও এলাকায় মঞ্জিল গ্র“পের গাড়ী, মাধবপুরসহ বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় তাদের রিমান্ডে আনা হয়। ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, তাদের সহযোগী আরো বেশ কয়েকজন ডাকাত আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে আবারো ডাকাতি কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এরা ছাতক, দোয়ারা, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, জগন্নাথপুরসহ আশপাশ এলাকায় ডাকাতি সংঘটিত করছে। ডাকাত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২৫
ছাতকে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২৫ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, রাজারগাঁও গ্রামের শফিকুল ইসলামের সাথে একই গ্রামের কালা মিয়ার ভূমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে শফিকুল ইসলাম পক্ষের সিরাজ আলীর সাথে কালা মিয়া পক্ষের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী দফায়-দফায় সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ অন্তত ২৫ব্যক্তি আহত হয়। গুরুতর আহত আরশ আলী (৬০), রব্বুল মিয়া (৩৫) ও মনবাহার বেগম (৭০)কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেন আলী (১৮), কয়েছ আহমদ (৩৩), হুসনে আরা বেগম (৩৫), খোকন মিয়া (২৫), মাসুক মিয়া (২৬), আফতা বিবি (৭০), সিরাজ আলী (৫০), খয়রুন নেছা (৩০), সোহেল মিয়া (১৮), আকাশ উদ্দিন (৩০), আরফান আলী (৩২)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।




