স্টাফ রিপোর্টার : শেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছে। ৭ এপ্রিল সোমবার সকালে শেরপুর শহরের উপকণ্ঠে ওই পৃথক দূর্ঘটনা ঘটে।

জানা যায়, শেরপুর-শ্রীবরদী সড়কের জেলা শহরের বিসিক শিল্পনগরীর সামনে প্রথম দূর্ঘটনায় নিহত হন আবুল কাশেম (৫৫) নামে এক পথচারী। তিনি স্থানীয় নওহাটা মহলার বাসিন্দা। সকাল সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে শ্রীবরদী থেকে ঢাকাগামী একটি বাস (চট্ট মেট্রো- ১৬-০০১১) নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
অন্যদিকে সকাল ১১টার দিকে শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজি অটোরিক্সা কানাসাখোলা এলাকায় রাস্তা পারাপারের সময় হৃদয় হোসেন (১০) নামে এক স্কুলছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। এনিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজার রহমান উভয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৃথক দূর্ঘটনায় নিহত দু’টি লাশই উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।




