কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সঞ্চয় সপ্তাহ-২০১৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী থেকে এক বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভার বিজয় উলাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোঃ ময়েন উদ্দীন ও জেলা তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।
বক্তারা বলেন, সুদিনের সঞ্চয়, দুর্দিনের সহায়’ তাই সকলকে সঞ্চয় করার আহবান জানানো হয়। ৫বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্রের লাভের হার শতকরা ১৩.১৯ভাগ,যা ৫বছর পর ৬২,৯০০নীট মুনাফা পাওয়া যায়।
কুষ্টিয়া শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ
শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারা শহরে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ভেড়ামারা উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর কয়েকশ’ শিক্ষক-শিক্ষিকা। এ সময় প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া-দৌলতপুর সড়ক অবরোধ করে রাখেন তারা।
শনিবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা উপজেলা চত্বর থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি ভেড়ামারা প্রেস ক্লাবের সামনে কুষ্টিয়া-দৌলতপুর সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে ভেড়ামারা উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এ সময় বক্তব্য রাখেন ভেড়ামারা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম প্রমুখ।
এ সময় আগামী তিনদিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে বৃহত্তর কর্মসূচিরও আল্টিমেটাম দেয়া হয়।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল দুপুরে ভেড়ামারা উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলামের উপর এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহাবুদ্দিনের নেতৃত্বে চারজন সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। এই ঘটনায় সেদিনই ভেড়ামারা থানায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় শিক্ষকরা এই আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেন।




