মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূনীতি প্রতিরোধ কমিটির সদস্য ও মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম বদরুন নাহার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও পলাশিপাড়া সমাজক্যলাণ সমিতির নির্বাহী পরিচালক আলহাজ মোশাররফ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোজাম্মেল হক, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন প্রমুখ। আলোচনা সভা শেষে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান।
মেহেরপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মেহেরপুর শহর শাখা জাতীয় পার্টির আয়োজন মেহেরপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় এক সাংগাঠনিক সভা অনুষ্ঠিত হয়। শহর শাখা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার হাশেম আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি কিতাব আলী, গাংনী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, সহসভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল বাকি, সম্পাদক ফয়েজ আহমেদ, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মামলত হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সধারন সম্পাদক কামারুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, গাংনী উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহেদ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল হাদী প্রমুখ। প্রধান বক্তা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম আলী বলেন সংগঠনকে আরো ত্বরান্বিত করার জন্য জেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের আহবান জানাচ্ছি। অন্যান্য বক্তারা বলেন, মেহেরপুর জেলা জাতীয় পার্টির তৃণমুল পর্যায়ে নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে এবং সংগঠিত হয়ে কাজ করতে হবে।
মেহেরপুর প্রথম বিভাগ কিউট হ্যান্ডবল চ্যাম্পিয়ন বামনপাড়া বটতলা একাদশ
মেহেরপুর প্রথম বিভাগ কিউট হ্যান্ডবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর বামনপাড়া বটতলা একাদশ। গত সোমবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে বামনপাড়া ট্রাইব্রেকারে দুরন্ত হোটেল বাজারকে পরাজিত করে।
বিকাল চারটার দিকে খেলা শুরু হয়। উভয় দলের আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে নির্ধারিত ৪০ মিনিটের খেলা ৮-৮ গোলে ড্র হয়। এতে শিরোপা নির্ধারণ গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারের শুরু থেকেই এগিয়ে যায় বামনপাড়া বটতলা একাদশ। শেষ পর্যন্ত গোল কিপার ফারুকের দক্ষতায় ৫-৪ গোলে দুরন্ত হোটেল বাজারকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে বামনপাড়া বটতলা একাদশ। বিজয়ী দলের পক্ষে সাদ্দাম ৫, রাফিউল, এখলাছ ও জাহিরুল ১টি করে গোল করেন। রানার্সআপ দলের মেঘলা ৩, আলতাফ ও আজিজুল ২টি করে এবং চপল ১টি গোল করেন।
বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আতাউল হাকিম লাল মিয়া।




