মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে ফরিদপুর চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক শাহ্ মো. রাজন নিখোঁজের ৫ দিনেও উদ্ধার না হওয়ায় ৩১ মার্চ সোমবার মধুখালী উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী । বেলা সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত দেড় ঘন্টা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসী ২৪ ঘন্টার মধ্যে রাজনকে উদ্ধারের দাবী জানান। পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে দেড় ঘন্টা পর তারা অবরোধ তুলে নেয়। অবরোধ ও মানববন্ধন কর্মসূচি চলা কালে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, শ্রমিক নেতা শাহ্ মো. গোলাম মোস্তফা বাকি, মেহেদী হাসান মুন্নু, ইকবাল হোসেন ইকবাল, মির্জা কালিমুলাহ সুজন, মোঃ নাসিরউদ্দীন জনি,রানা,সাইফুজ্জামান লাভলু, প্রমুখ। অবরোধের সময় উভয় পাশের দুরপালার যাত্রীবাহী পরিবহন ও মালবাহী শত শত বাস ট্রাক আটকা পড়ে। নিখোঁজ রাজনের ৩ বছরের শিশু পুত্র তাওফিক বাবার খোঁজে ছবি সম্বলিত ব্যানার বুকে বেধে মানববন্ধনে অংশ নেয়।




