নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। এর আওতায় বহুতল ভবন সহ ৬টি ভবন নির্মাণের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাঁরা কনষ্ট্রাকশনকে কার্যাদেশ দেয়া হয়েছে। এ কাজে ব্যয় হবে প্রায় সোয়া ১৯ কোটি টাকা। ভবন নির্মাণের এ কাজ সম্পন্ন হলে সৈয়দপুরসহ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জনবহুল সৈয়দপুর শহরের চিকিৎসা সেবা বাড়াতে ৫০ শয্যা হাসপাতালকে ১শ’ শয্যায় উন্নীত করা হয়। এরপর অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকৌশল অধিদপ্তর। দীর্ঘ প্রক্রিয়া শেষে চূড়ান্ত হয় ভবন নির্মাণের প্রস্তাবনা। এরই আওতায় নকশা প্রণনয়নসহ ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ সম্পন্ন হয়। সূত্র মতে, নির্মিতব্য ৬টি ভবন হাসপাতালের সোয়া ৩ একর জমির উপর নির্মিত হবে। নির্মাণ কাজের মধ্যে রয়েছে নতুন ১শ’ শয্যার হাসপাতালের জন্য ৩টি ৪ ও ৫ তলা বিশিষ্ট ভবন, বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য ডরমেটরী, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারিদের থাকার ডরমেটরী এবং ৫ম তলা বিশিষ্ট চিকিৎসকদের জন্য আবাসিক ভবন। এয়াড়াও নির্মাণ করা হবে লাশ রাখার ঘর ও গ্যারেজ। হাসপাতালের নতুন ভবন নির্মিত হলে চিকিৎসার সকল কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর করা হবে। বর্তমান পুরাতন ভবন চিকিৎসকদের চেম্বার, প্রশাসনিক অফিস এবং আউটডোর হিসেবে ব্যবহৃত হবে। সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানকে ভবন নির্মাণের কার্যাদেশ দেয়া হয়েছে। তারা নকশা অনুযায়ী ভবন নির্মাণের কাজ করছেন। প্রসঙ্গত, সৈয়দপুর ৫০ শয্যা হাসপাতালটি দীর্ঘ চেষ্টার পর ২০১১ সালে ১শ’ শয্যায় উন্নীত করা হয়। এরপর অবকাঠামো নির্মাণের চিঠি চালাচালির এক পর্যায়ে ২০১২ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী অবকাঠামো নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন। এরই ধারাবাহিকতায় অবকাঠামো নির্মাণ বাস্তব রুপ লাভ করতে যাচ্ছে।
সৈয়দপুর কারিগরী মহাবিদ্যালয়ের ক্রীড়া ও পুরস্কার বিতরণ
নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সাবেক পৌর চেয়ারম্যান বখতিয়ার কবির উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ শাহ। মোট ৫০টি ইভেন্টে ৮০ জন প্রতিযোগি অংশ নেয়।
সৈয়দপুরে যৌন হয়রানির অভিযোগে প্রেমিক যুবক আটক

নীলফামারীর সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে এক প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে পুলিশ। প্রেমিক তার প্রেমিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে। জানা যায়, মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্বতীপুর মহিলা কলেজের এক ছাত্রীর (১৯) সঙ্গে যুবক পবিত্র চন্দ্র রায়ের (২৫)। প্রেমিক যুবক প্রেমিকাকে একটি আবাসিক হোটেলের একটি কক্ষে ডেকে নেয়। এর এক পর্যায়ে প্রেমিক যৌন হয়রানির চেষ্টা করে প্রেমিকার উপর। এসময় কক্ষের ভিতর আত্মচিৎকার শুনে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ উভয়কে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই কলেজ ছাত্রীকে তার বাবার জিম্মায় দেয়া হলেও প্রেমিক যুবককে ভ্রাম্যমান আদালতে দেয়া হয়। আটক প্রেমিক যুবকের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গাছাহার গ্রামে। সে একজন বিবাহিত যুবক বলে পুলিশ জানিয়েছে।




