শ্যামলবাংলা স্পোর্টস : হংকং লজ্জার পর ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রতিরোধহীন পরাজয়, সমর্থকদের মতো মেনে নিতে কষ্ট হচ্ছে ক্রিকেটারদেরও। টানা দুটি বাজে হারের পর তাই ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। ২৮ মার্চ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭ টায়।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে একমাত্র ম্যাচটিতে হেরে গেলেও ওয়ানডেতে তাদের বিপক্ষে অনেক সুখস্মৃতি আছে বাংলাদেশের। ঘুরে দাঁড়ানোর ম্যাচে ওয়ানডের জয়গুলোই বাংলাদেশের অনুপ্রেরণা। ভারতের বিপক্ষে দুটি ম্যাচে দলকে জয় এনে দেয়ার কৃতিত্ব রয়েছে মাশরাফি বিন মুর্তজার। শুক্রবারের ম্যাচে ভালো শুরুর জন্য তার দিকে তাকিয়ে থাকবেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশা করছেন মাশরাফি। আর ব্যাটিং, বোলিং দুই বিভাগেই শুরুটা ভালো হলে জেতাও সম্ভব বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আগে মাশরাফি বলেন, শেষ দুটি ম্যাচে আমাদের হারের ধরন ভীষণ হতাশাজনক। আমাদের লক্ষ্য হবে, ভালো খেলা। চেষ্টা করবো, যতটা সম্ভব লড়াই করার। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে জেতার। তবে সবার আগে ভালো শুরু করতে হবে আর শেষ পর্যন্ত তা ধরে রাখতে হবে।
এশিয়া কাপে জয় না এলেও ভারতের বিপক্ষে ৭ উইকেটে ২৭৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে ব্যর্থতার পর ব্যাকফুটে থাকা স্বাগতিকদের জন্য সেই ম্যাচ হতে পারে বড় অনুপ্রেরণা। আগের ম্যাচে চার পরিবর্তন এনেও লাভ হয়নি বাংলাদেশের। ভারত ম্যাচেও হতে পারে একাধিক পরিবর্তন।
অন্যদিকে সেমি-ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নামবে ভারত। ছন্দে না থাকলেও যুবরাজ সিংকে আরো সুযোগ দেয়ার কথা বলেছেন উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা।




