শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারা দুনিয়া শেখ হাসিনার সরকারকে বৈধ ও নির্বাচিত সরকার বলে স্বীকার করে নিয়েছে। খালেদা জিয়ার কোনো চক্রান্তই কাজ হয়নি। তবে আগামী কয়েক বছর আরো চক্রান্ত-ষড়যন্ত্র চলবে। এই চক্রান্ত আ. লীগকে সরিয়ে দেওয়ার, শেখ হাসিনার সরকার উৎখাতের। তিনি ২২ মার্চ শনিবার রাজধানীর আজিমপুর সরকারি বালিকা স্কুল ও কলেজ মাঠে ঢাকা মহানগরীর লালবাগ ও চকবাজার থানা এবং ২৩-৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ওইসব কথা বলেন। এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন ক্ষমতার দাপট দেখানো কিংবা আনন্দ-উলাসের সময় নয়। এখন সংগঠনকে গুছিয়ে নিতে হবে। চক্রান্ত মোকাবেলায় আমাদের সজাগ থাকতে হবে।
নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে সরকার অবৈধ হয়ে যেত। আমরা হতাম অবৈধ শাসক। ওয়ান ইলেভেন কিংবা সেনাশাসকদের ক্ষমতায় আসার সুযোগ তৈরি হত। এজন্য জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা নির্বাচন করেছেন।
লালবাগ থানা আ.লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। আরও বক্তব্য রাখেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শাহে আলম মুরাদ প্রমুখ।




